ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ফয়সল খান। মুক্তিযুদ্ধবিষয়ক বিভাগে ‘জীবন দিয়েও মুক্তিযোদ্ধা হতে পারেননি ১১ ক্লিনার’ শীর্ষক প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন। এ বছর বিভিন্ন বিভাগে তিনিসহ মোট ২২ সাংবাদিককে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কৃত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ সময় নগদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী, নগদের প্রশাসক মোতাসিম বিল্লাহ, জুরি বোর্ডের চেয়ারম্যান শামসুল হক জাহিদসহ জুরি বোর্ড সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও এই দুই মাধ্যমে মোট ২২টি বিভাগের সেরা প্রতিবেদনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া সব গণমাধ্যমের সাংবাদিকদের জন্য উন্মুক্ত দুটি বিভাগের সেরা প্রতিবেদনকেও পুরস্কার দেওয়া হয়। প্রতিটি ক্যাটাগরির বিজয়ী পেয়েছেন সম্মাননা ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কার। দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করে বিজয়ীদের নির্বাচন করে।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে মানুষের নৈতিকতার মানদ- বা ‘মরাল কম্পাস’ প্রশ্নের মুখে পড়েছে। গণমাধ্যমের পাশাপাশি সামাজিক মাধ্যম ও নাগরিক সাংবাদিকতার বিস্তারে তথ্যপ্রবাহ আরও জটিল হয়েছে। সাধারণ মানুষের পক্ষে সঠিক ও ভুল তথ্যের পার্থক্য নির্ণয় করা কঠিন হয়ে পড়ছে। এ কারণে সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা ও পেশাগত মান বাড়ানো জরুরি।
আমির খসরু বলেন, সাংবাদিকতার মান ও নৈতিকতা রক্ষার দায়িত্ব শুধু সাংবাদিকদের নয়; রাজনীতিবিদসহ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে স্বচ্ছতা, পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সরকারের ভুলত্রুটি তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। নীতিনির্ধারণ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণেও তাদের স্বাধীন ও বস্তুনিষ্ঠ মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাংবাদিকদের মতামত ও সমালোচনাকে প্রতিপক্ষ হিসেবে না দেখে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে উন্মুক্ত ও স্বচ্ছ থাকতে হবে। একই সঙ্গে সাংবাদিকদেরও সততা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখতে হবে। একতরফা মনোভাব কিংবা বিদ্বেষপূর্ণ অবস্থান নিয়ে দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।
এ ছাড়া প্রিন্ট ও অনলাইন বিভাগে পুরস্কার বিজয়ীরা হলেন দিলীপ কুমার শর্মা/রাহুল শর্মা (আজকের পত্রিকা), সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ২৪.কম), মোহাম্মদ শাহেদ সিদ্দিকী (যুগান্তর), শাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), মো. তৌহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ২৪.কম), মিজান চৌধুরী (আগামীর সময়), দীপন নন্দী (ডেইলি স্টার), মো. জুবায়ের হোসেন (ঢাকা পোস্ট), ওয়াসিম বিন হাবিব (ডেইলি স্টার), নাজনীন আখতার (প্রথম আলো), এফএম আবদুর রহমান মাসুম (ঢাকা পোস্ট), মোহাম্মদ হেলেমুল আলম (ডেইলি স্টার), গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) ও শাহ আলম খান (আজকের পত্রিকা)। টেলিভিশন ও রেডিও বিভাগে পুরস্কারজয়ীরা হলেন কাফায়াত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), মুফতি পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান), নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), মো. গিয়াস উদ্দিন সাজিব (চ্যানেল ২৪), রাশেদ নিজাম (যমুনা টেলিভিশন) ও রেমন রহমান (যমুনা টেলিভিশন)।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর দেশ রূপান্তরে প্রকাশিত ‘জীবন দিয়েও মুক্তিযোদ্ধা হতে পারেননি ১১ ক্লিনার’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ফয়সল খান এ পুরস্কার পান। প্রতিবেদনে ১৯৭১ সালে ঢাকার মিরণ জিল্লা হরিজনপল্লীর ১১ জন পরিচ্ছন্নতাকর্মীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও আত্মত্যাগের ঘটনা তুলে ধরা হয়। তাদের মধ্যে ১০ জনকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে হত্যা করে। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। এক যুগের বেশি সময় ধরে সমাজের নানা অনিয়ম-দুর্নীতি ও জনদুর্ভোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করছেন ফয়সল খান। তার বেশ কিছু প্রতিবেদন বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালেও ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। এ ছাড়া প্ল্যান ইন্টারন্যাশনাল ও ওয়ার্ল্ড ভিশনসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।