মাদারীপুর জেলার রাজৈরে সম্পত্তি নিজেদের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মা ও দুই বোনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুই ছেলে ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।
পরে আহত চারজনকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও পরিবার।
আহতরা হলেন- রাজৈর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব স্বরমঙ্গল গ্রামের মৃত হাছেন খানের ছেলে রজব আলী খান (৬৫), তার স্ত্রী পারুল বেগম (৫৫) এবং দুই মেয়ে রেশমা বেগম (৩৮) ও রিক্তা আক্তার (২৮)।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বাড়ির সম্পত্তি নিয়ে পারিবারিকভাবে আলোচনা চলছিল। এ সময় রজব আলী খানের দুই ছেলে জহিরুল ইসলাম খান ও নজরুল খান এবং তাদের স্ত্রী হালিমা ও রুনা বেগম বাড়ির ২৪ শতাংশ জমি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দেন।
কিন্তু জমি লিখে দিতে অস্বীকৃতি জানান রজব আলী খান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই ছেলে ও তাদের স্ত্রীরা দেশীয় অস্ত্র দিয়ে রজব আলী খান, তার স্ত্রী ও দুই মেয়েকে মাথা ও হাতের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত চারজনকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেয়।
আহত পারুল বেগম বলেন, আমার ও আমার স্বামীর নামে ২৪ শতাংশ জমি আছে। সেগুলো ছেলেদের নামে লিখে দেওয়ার জন্য অনেক দিন ধরেই মারধর করে আসছে। ওই বিষয় নিয়ে আমার দুই মেয়ে বাড়িতে এলে তাদের ওপরও চাপ দেয়। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে আমাদের চারজনকে কুপিয়ে রক্তাক্ত করেছে। এমন ছেলেদের বিচার না হলে আমাদের বাঁচতে দেবে না। ওদের বিচার দাবি করছি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। সম্পত্তির জন্য বৃদ্ধ বাবা-মাকে এভাবে রক্তাক্ত করা ঠিক হয়নি। আহতরা মামলা করলে দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।