পাহাড়ের মাটির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে এখানে সোনা ফলানো সম্ভব বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি। তিনি বলেছেন, শুধু কফি ও কাজু বাদাম চাষের মাধ্যমেই পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়া সম্ভব। এ জন্য কৃষকদের উৎসাহিত করতে তামাক চাষের পরিবর্তে বিকল্প ফসল উৎপাদনে প্রণোদনা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষ এনেক্স ভবনে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্সসহ ২৬টি উপজেলায় অ্যাম্বুলেন্স বরাদ্দের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, কাপ্তাই হ্রদের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পর্যটন খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করা হবে। পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট নিরসন করতে হবে। একই সঙ্গে সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে পরিষদের সদস্য ও কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমদ, জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ মামুন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম।
এ সময় কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণ ও উৎপাদন বাড়াতে উচ্চতর কারিগরি কমিটি গঠনের প্রস্তাব দেন জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।
সভায় পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে জেলা পরিষদের সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।