স্যান্ডপেপার বিতর্ক মেটাতে খাজার শান্তি প্রস্তাব

স্যান্ডপেপার বিতর্কে সমঝোতার পথ খুঁজতে চেয়েছিলেন উসমান খাজা, কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সংবাদ সম্মেলনের কড়া মন্তব্যে রীতিমতো হতবাক ও ব্যথিত হয়েছেন তিনি। এক পডকাস্ট সাক্ষাৎকারে খাজা শুধু কামিন্সের সেই আচরণ নিয়েই আক্ষেপ প্রকাশ করেননি, বরং আট বছর আগের বল টেম্পারিং কাণ্ডে পুরো দলকে দায় নিতে আহ্বান জানিয়ে যে বার্তা দিয়েছিলেন, তাও সামনে এনেছেন।

আট বছর পেরিয়ে গেলেও ২০১৮ সালের সেই 'স্যান্ডপেপারগেট' কেলেঙ্কারির ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট; সম্প্রতি উসমান খাজার বই প্রকাশের পর তা যেন নতুন করে আগুনে ঘি ঢেলেছে। তবে দলের ভেতরের এই বিভেদ চিরতরে মেটাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গকে একটি 'মাঝামাঝি' শান্তি প্রস্তাব দিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক এই অজি ওপেনার।

জনপ্রিয় পডকাস্ট 'দ্য গ্রেড ক্রিকেটার'-এ দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে খাজা প্রকাশ করেন সেই টেক্সট বার্তাটি, যা তিনি গ্রিনবার্গকে পাঠিয়েছিলেন। তাঁর আশা ছিল, পুরো দল এক হয়ে এই বিবৃতির পেছনে দাঁড়াবে এবং আট বছর আগের ভুলের দায় নেবে। 

পডকাস্টে খাজা তাঁর প্রস্তাবিত সেই বিবৃতিটি পড়ে শোনান, "দল হিসেবে আমরা স্বীকার করছি এবং মেনে নিচ্ছি যে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বলের অবস্থা কৃত্রিমভাবে পরিবর্তন করে আমরা বল টেম্পারিং করেছিলাম, সেটি আমাদের জানা ছিল। তা স্যান্ডপেপার দিয়ে হোক বা অন্য কোনো উপায়ে, সেটি বড় বিষয় নয়। আমরা জানতাম আমরা কী করছি, এবং দল ও স্কোয়াড হিসেবে আমাদের কর্মকাণ্ডের সম্পূর্ণ দায়ভার নিচ্ছি, যা আমাদের আট বছর আগেই করা উচিত ছিল। এ ছাড়া আমরা স্বীকার করতে চাই যে, দলের স্বার্থে স্টিভেন (স্মিথ), ক্যামেরন (ব্যানক্রফট) এবং ডেভিড (ওয়ার্নার) চরম মূল্য দিয়েছেন, যার জন্য আমরা দুঃখিত এবং চিরকৃতজ্ঞ।"

গত শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে গাড়ি চালাতে চালাতেই এই বিবৃতির কথা মাথায় আসে খাজার। বিষয়গুলো যেভাবে একটু একটু করে সামনে আসছে, তাতে এর কোনো শেষ দেখছিলেন না তিনি। সেই ভাবনার কথা তুলে ধরে খাজা বলেন, "শুক্রবার মসজিদে যাওয়ার পথে গাড়ি চালাতে চালাতে ভাবছিলাম, আমরা কি একটি মাঝামাঝি সমঝোতায় পৌঁছাতে পারি না? ওরা কী বলছে বা আমরা কী বলছি, তা নিয়ে আমি আর ভাবছি না। এখন সবকিছু যেভাবে ফোঁটায় ফোঁটায় বের হচ্ছে, মনে হচ্ছে এর কোনো শেষ নেই।"

পুরো দল একদিন একসঙ্গে দায় স্বীকার করবে, এমন একটি 'অলীক স্বপ্ন' দেখতেন বলেও স্বীকার করেন তিনি। খাজা জানান, গ্রিনবার্গ প্রাথমিকভাবে প্রস্তাবটিকে ইতিবাচকভাবে নিলেও এটি দিয়ে সব সমস্যার সমাধান হবে কি না তা নিয়ে সন্দিহান ছিলেন এবং সংশ্লিষ্ট 'অন্য পক্ষগুলোর' সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছিলেন।

সাক্ষাৎকারে খাজা আরও জানান, এই বিতর্কের জেরে নানা হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে, এমনকি গত রবিবার কেয়ার্নসে একটি দাতব্য ক্রিকেট ম্যাচে নিরাপত্তারক্ষী নিয়ে মাঠে নামতে হয়েছিল। তবে সব ছাপিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সংবাদ সম্মেলনের মন্তব্য তাঁকে সবচেয়ে বেশি বিস্মিত ও ব্যথিত করেছে। অথচ সংবাদ সম্মেলনের আগেই সমঝোতার চেষ্টায় কামিন্সকে বার্তা পাঠিয়েছিলেন খাজা। 

কামিন্সের সেই আচরণ নিয়ে খাজা বলেন, "আমি কখনোই আশা করিনি সে এভাবে সামনে এসে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবে। আমার বক্তব্যের সমালোচনা করবে? ঠিক আছে। কিন্তু যেভাবে সে ব্যক্তিগত আক্রমণ করল, এত দীর্ঘ সময় ধরে একের পর এক বলে গেল, প্যাটের এই রূপ আমি আগে কখনো দেখিনি। আমি ওটা দেখতে চাইনি, তবুও দেখতে হয়েছে; বহুবার বন্ধ করে দিতে চেয়েছি। আমি প্যাটকে সবসময় ভালোবাসব, সে আমাকে যতই কষ্ট দিক না কেন, একটি সংবাদ সম্মেলনের ওপর ভিত্তি করে আমি তাকে বিচার করব না।"

বর্তমান সতীর্থরা যখন এখনো খেলছেন, তখন বইয়ে স্যান্ডপেপারগেট অধ্যায়টি লেখায় অনেকের ক্ষোভের কারণটা বুঝতে পারেন খাজা। তবে তিনি না লিখলে অন্য কেউ কখনো মুখ খুলত না বলেও বিশ্বাস তাঁর। নিজের অবস্থান পরিষ্কার করে সাবেক এই অজি ক্রিকেটার বলেন, "শতভাগ, আমি অবশ্যই ওদের ক্ষোভটা বুঝতে পারি। আমি বোকা নই, আমার সহানুভূতির অভাব নেই। আমি সেই দিকটা বুঝি, আর সে কারণেই আমি এখন খুব খুশি যে সিএ সামনে এসে জানিয়েছে কোনো নিষেধাজ্ঞা আসছে না, কেউ বিপদে পড়ছে না এবং প্যাট কামিন্সই অধিনায়ক থাকছেন, এতে আমি সত্যিই আনন্দিত। আমি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করতে চাই না।"

খেলোয়াড়ি জীবনে কেন এই সত্য প্রকাশ করেননি, সেই বাস্তবতাও স্বীকার করেছেন এই বাঁহাতি ব্যাটার। তাঁর মতে, তখন মুখ খুললে অস্ট্রেলিয়ার হয়ে আর কখনোই খেলা হতো না তাঁর। "আমি যদি নির্মমভাবে সত্যিটা বলি, খেলার সময় এসব বললে শতভাগ আমার ক্যারিয়ার শেষ হয়ে যেত। আমি আর অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারতাম না। আমি এটা লুকানোর চেষ্টা করছি না, আমাকে স্বার্থপর বলতে পারেন, হয়তো তা-ই ছিল। কিন্তু আমি যা করার চেষ্টা করেছি, তা হলো ক্যামেরন ব্যানক্রফটকে নিয়ে কথা বলা। আর কতদিন অপেক্ষা করব? কী করব আমি? তাকে কি আরও পাঁচ বছর ভুগতে দেব?"

পোর্ট এলিজাবেথে (বর্তমানে গেবেরহা) ম্যাচ চলাকালীন বলের অস্বাভাবিক ক্ষয় দেখেই যে মাঠে স্যান্ডপেপার ব্যবহার করা হচ্ছে তা বুঝেছিলেন বলে জানান খাজা। এর আগে প্যাট কামিন্সের সংবাদ সম্মেলন এবং ওয়েস্ট অস্ট্রেলিয়ানে ক্যামেরন ব্যানক্রফটের বিস্ফোরক নিবন্ধের সময়ের সঙ্গে মিলে যাওয়ায় পরপর দুবার এই পডকাস্টে আসার সূচি পিছিয়ে দিয়েছিলেন তিনি।

পরিস্থিতি আরও ঘোলাটে না করার সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে খাজা বলেন, "আমার মনে হয়েছিল, ওই সময়টাতে পডকাস্টে এলে পরিস্থিতি আরও অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠত। বিষয়টি কখনোই 'আমি বনাম প্যাট (কামিন্স)' ছিল না, আমি জানি সংবাদমাধ্যম সেটাই চেয়েছিল, কিন্তু আমার লক্ষ্য কখনোই তা ছিল না। ওই সংবাদ সম্মেলন নিয়ে আমি যতই হতাশ হই না কেন, আমি শুধু ভেবেছিলাম, 'আমি এর থেকে দূরে থাকব।' ব্যানক্রফটের বিষয়টিও ছিল তেমনই, তা ছিল অনেক গভীর ও তীব্র।"