মুন্সীগঞ্জের গজারিয়ায় সন্ত্রাস নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোস্তফা কামালকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে তাকে।
পুলিশ জানায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নাশকতার চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়।
মোস্তফা কামাল উপজেলার ইমামপুর ইউনিয়নের ১নং মাথাভাঙা ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিজের ছেলে।
এ প্রসঙ্গে গজারিয়া থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ বলেন, মোস্তফা কামাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতির বিরুদ্ধে মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি অভিযোগ রয়েছে। তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এই মামলায় অভিযুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গত শুক্রবার (২০ নভেম্বর) ভোর পৌনে ৩টার দিকে মহাসড়কের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকার অদূরে ঢাকামুখী লেনে একদল ব্যক্তি মহাসড়কে গাছের টুকরা ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতার চেষ্টায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬/১৩ ধারায় ১৪জন এজহারনামীয় ও অজ্ঞাত ৪০/৫০ জনের নামে একটি মামলাটি দায়ের করেন গজারিয়া থানা পুলিশ।