মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খোরশেদ আলম সোনামিয়া দেওয়ান (৬৫) নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও-সুজানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত খোরশেদ আলম ভাই চিকিৎসাধীন অবস্থায় আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

গত ১৯ নভেম্বর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জেলার সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন বিএনপি নেতা খোরশেদ আলম। এতে  গুরুতর আহত অবস্হায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত