ইনিংস হার এড়াতে আরও ২৯৪ রান প্রয়োজন বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার মাটিতে উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েও স্বস্তিতে থাকতে পারল না বাংলাদেশ। দ্রতই তিন উইকেট হারিয়ে আরও একবার চাপে নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান। ইনিংস পরাজয় এড়াতে এখনো ২৯৪ রান প্রয়োজন সফরকারী দলের, ক্রিজে শান্ত ১২ ও তাওহীদ হৃদয় ২৩ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় ইনিংসে সাবধানী শুরু করলেও বেশ অস্বস্তিতে ছিলেন বাংলাদেশের দুই ওপেনার। ২১ রানে মাহফিজুল ইসলাম রবিনের ক্যাচ দ্বিতীয় স্লিপে ছাড়েন এইডেন মার্করাম, কাগিসো রাবাদার বলে। এরপর ২৪ রানে থাকা অবস্থায় আনরিখ নরকিয়ার বলে গালিতে কঠিন ক্যাচ ফসকে উল্টো বাউন্ডারি পান রবিন। 

তানজিদ হাসানও শর্ট লেগে একবার জীবন পান টনি ডি জর্জির হাত ফসকে। একাধিক সুযোগ কাজে লাগিয়ে ৮৭ বলে ৫৮ রানের জুটি গড়েন রবিন ও তানজিদ, যা দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি। ২০০২ সালে পচেফস্ট্রুমে আল শাহরিয়ার ও হান্নান সরকারের ৫২ রানের জুটিকে পেছনে ফেলেন তারা।

তবে ৫৮ রানের সেই জুটি ভাঙার পরই দ্রুত এলোমেলো হয়ে যায় বাংলাদেশের ইনিংস; ২০ রানের ব্যবধানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। ১৫তম ওভারে উইয়ান মুল্ডারের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কিপার রায়ান রিকেলটনের গ্লাভসে ধরা পড়েন ৪৮ বলে ২৯ রান করা তানজিদ (যা টেস্টে মুল্ডারের ৫০তম উইকেট)। 

পরের ওভারেই লেগ স্টাম্পের বাইরের বলে ফ্লিক করতে গিয়ে গ্লাভসের ছোঁয়ায় রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন মুমিনুল হক, এ নিয়ে দক্ষিণ আফ্রিকায় চতুর্থবার ডাক মারলেন তিনি। যার মধ্যে পরপর দুই টেস্টেই দুটি। এরপর ২২তম ওভারে মার্কো ইয়ানসেনের ভেতরে ঢোকা বলে শট না খেলে প্যাডে লাগিয়ে এলবডিব্লিউ হন রবিন। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে ৬২ বলে ৩৮ রানে থামতে হয় তাঁকে, যা তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ।

এর আগে তৃতীয় দিনের খেলা শুরুর আগেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা; আগের দিনের ৭ উইকেটে ৪৯৪ রানেই থামে স্বাগতিকরা, ফলে প্রথম ইনিংসে ৪০৩ রানের বিশাল লিড পায় তারা। টেস্ট ইতিহাসে আগে ব্যাট করে এর আগে ১৩ বার সাড়ে তিনশর বেশি লিড হজম করলেও কখনোই ইনিংস পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ; পাশাপাশি দ্বিতীয় ইনিংসে মাত্র চারবার চারশ পেরোনোর নজির থাকায় সেঞ্চুরিয়নে হার এড়াতে কঠিন লড়াইয়ের সামনে দাঁড়িয়ে শান্ত-হৃদয়রা।