সময়ের হিসেবে আড়াই দিনও গেল না সেঞ্চুরিয়ন টেস্ট। ব্যাটে-বলে হতাশাজনক পারফর্মে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ। এতে সিরিজেও ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো নাজমুল হোসেন শান্তর দল।
সিরিজের প্রথম টেস্টে জোহানেসবার্গে ৯ উইকেটে হারার পর এবার সেঞ্চুরিয়নের হারটা আরও বড়। অবশ্য প্রোটিয়াদের মাঠে ইনিংস ব্যবধানে হারটা যেন বাংলাদেশের নিয়মিতই। এ নিয়ে টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ম বারের মতো ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ, যার মধ্যে ৬টি প্রোটয়াদের মাঠে। আর সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ ম্যাচে ১৬টিতেই হারল তারা, ২টি ম্যাচ ড্র, জয়টা এখনো অধরাই।
কার্যত ইনিংসের হারের শঙ্কা নিয়েই তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন শান্তরা। একাধিক সুযোগে ওপেনিংয়ে দক্ষিণ আফ্রিকায় ৮৭ বলে ৫৮ রানের জুটি গড়ে ২০০২ সালে পচেফস্ট্রুমে আল শাহরিয়ার ও হান্নান সরকারের ৫২ রানের রেকর্ড ছাড়িয়ে যান রবিন ও তানজিদ। কিন্তু জুটি ভাঙার পর ২০ রানের ব্যবধানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ, মুল্ডারের বলে তানজিদ (২৯) ও মুমিনুল হক (০, দক্ষিণ আফ্রিকায় চতুর্থ ডাক) আউট হওয়ার পর মার্কো ইয়ানসেনের বলে আম্পায়ার্স কলে এলবডিব্লিউ হন রবিন (৩৮)। সেশন শেষে ৩ উইকেটে ১০৯ রানে ছিল সফরকারীরা।
তবে মধ্যাহ্ন বিরতির পর আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিলেন তাওহীদ হৃদয়; বিরতির পরপরই আনরিখ নরকিয়াকে চার ও ছক্কা মারার পর কাগিসো রাবাদাকেও সীমানা ছাড়া করেন তিনি। মাত্র ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪১ রান করে শান্তর সঙ্গে ৫০ রানের জুটিও গড়েন হৃদয়, তবে রাবাদার বলে গালিতে জুবায়ের হামজার হাতে ক্যাচ দিয়ে ফিরলে সেই প্রতিরোধ থামে।
আউটের পর হৃদয়ের সামনে গিয়ে উগ্র উদযাপন করেন রাবাদা, যা প্রথম টেস্টের উত্তাপকেই যেন ফিরিয়ে আনে। হৃদয়ের বিদায়ের পর লিটন দাস (২৫ বলে ১৫) ও জাকের আলী (৩ বলে ২) দুজনই মুল্ডারের ভেতরে ঢোকা বলে বোল্ড হলে চরম বিপাকে পড়ে বাংলাদেশ। পরের বলেই গোল্ডেন ডাকের শিকার হন শরীফুল ইসলাম, যা দিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পান মুল্ডার এবং দক্ষিণ আফ্রিকার পঞ্চম ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। তাসকিন আহমেদ হ্যাটট্রিক ঠেকালেও বেশিক্ষণ টিকতে পারেননি; শান্ত (৩৪) ও তাসকিনকে ফিরিয়ে মোট সাত উইকেট তুলে নেন মুল্ডার, আর শেষ পর্যন্ত ইনিংস ও ২১৯ রানের বড় হার মেনে নিতে হয় বাংলাদেশকে। শেষ ২৬ রানেই ৬ উইকেট হারায় শান্তরা।
এদিকে মুল্ডার ফাইফারের পর আরও ২টি উইকেট নিয়ে গড়েছেন আরেক অনন্য কীর্তি। একই টেস্টে ১০০ রান ও ৭ উইকেট নেওয়া প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার তিনি, আর লাল বলের ক্রিকেটের ইতিহাস এটি পঞ্চম ঘটনা। এর সুবাদে ম্যাচসেরার খেতাবটাও জেতেন মুল্ডার। আর দুই টেস্টে দুই দেড়শ'তে ৩০৭ রান করা মার্কেস অ্যাকারম্যান জেতেন সিরিজসেরার পুরস্কার।
এর আগে তৃতীয় দিনের খেলা শুরুর আগেই আগের দিনের ৭ উইকেটে ৪৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা, যাতে ৪০৩ রানের লিড পায় তারা। টেস্ট ইতিহাসে আগে ব্যাট করে এর আগে ১৩ বার সাড়ে তিনশর বেশি লিড হজম করে কখনোই ইনিংস পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ, আর দ্বিতীয় ইনিংসে চারশ পেরোনোর নজির ছিল মাত্র চারবার। প্রথম ইনিংসে ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনে অ্যাকারম্যানের ১৩৮ বলে ১৫০ রানের ঝোড়ো ইনিংস (১৩৭ বলে দেড়শ ছুঁয়ে দ্রুততম দেড়শতে দক্ষিণ আফ্রিকার টেস্ট রেকর্ড), টনি ডি জর্জির ৬৬, উইয়ান মুল্ডারের ১৭৮ বলে ১০০ এবং মার্কো ইয়ানসেনের অপরাজিত ৬৭ রানে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নিয়েছিল স্বাগতিকরা। পরে দ্বিতীয় ইনিংসে আরও একবার বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী, সমীকরণে আরও এক হার।