মানিকগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা

মানিকগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে মানিকগঞ্জ সরকারি সমন্বিত ভবনের হলরুমে নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে জেলার ১৫জন সংগ্রামী নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। জেলা নারী উন্নয়ন কমিটির সহসভাপতি ও নারীনেত্রী আঁখি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক নাসরিন সুলতানা, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক বজলু, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা-পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান, গ্রিন কোয়ালিশনের সদস্য জয়নাল আবেদীন এবং সম্মাননাপ্রাপ্ত পাঁচ জন সফল নারী।

অনুষ্ঠানে উদ্দেশ্য ও ধারণাপত্র উপস্থাপন করেন বিশিষ্ট উন্নয়নকর্মী ও নারীনেত্রী খোদেজা সুলতানা লোপা। স্বাগত বক্তব্য দেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার ও রিনা সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন,'নারী ও পুরুষ, ছেলে ও মেয়ে—সবাই আমাদের সন্তান। সবাইকে সমানতালে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। বাবা-মায়ের ভুল এবং সমাজের নানা ধরনের অবক্ষয়ের কারণে অনেক ছেলে-মেয়ে ভুল পথে পা বাড়িয়ে বিপদগ্রস্ত হয়। বিপথগামী কাউকে মারধর না করে তাকে সংশোধনের জন্য সময় দিতে হবে এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।'

তিনি আরও বলেন, 'আপনারা নিজেরা কাউকে সঠিক পথে ফিরিয়ে আনতে না পারলে আমাদের কাছে নিয়ে আসবেন। আমরা বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়ের কুফল সম্পর্কে অডিও-ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তাদের সচেতন করে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করব।'

আলোচনা শেষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন সংগ্রামী নারীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। তাদের এই স্বীকৃতি নারীসমাজের আত্মবিশ্বাস, সাহস ও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

এবারের প্রতিপাদ্য ছিল 'নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত করো, বিচারহীনতার সংস্কৃতি ভাঙো'