বাবাকে হত্যা করতেই  নিরাপত্তা প্রত্যাহার

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিরাপত্তার ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছিল, যাতে তাকে হত্যা করা সহজ হয়। মঙ্গলবার এক ঘরোয়া আলোচনায় এই মারাত্মক অভিযোগ করেছেন তার ছেলে ও লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এর মধ্য দিয়ে ১৯৯১ সালের সেই হত্যাকা-ের পেছনে নিরাপত্তা তুলে নেওয়ার দীর্ঘদিনের বিতর্ক নতুন করে উসকে দিলেন তিনি।

মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে মা সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং : আ জার্নি অব লাভ’ নিয়ে একটি কথোপকথনের ভিডিও প্রকাশ করেন কংগ্রেস দলের নেতা রাহুল। সেখানে তিনি দাবি করেন, রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহার কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না; বরং তাকে হত্যার পরিস্থিতি তৈরি করতেই এমনটা করা হয়েছিল।

২৪ মিনিটের ভিডিওতে রাহুলের সঙ্গে মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরার কথোপকথন রয়েছে। আত্মকথায় সোনিয়া যা যা লিখতে পারেননি, এমন কিছু ঘটনার স্মৃতিচারণা করা হয়েছে ওই ভিডিওতে। সেই কারণে ওই ভিডিওর শিরোনাম দেওয়া হয়েছে ‘ হোয়াট মা লেফট আউট অব হার বুক’; অর্থাৎ বইয়ে মা যা কিছু লেখেননি।

কথোপকথনে সোনিয়া ১৯৯১ সালে বিহারের নির্বাচনী প্রচারণার স্মৃতিচারণ করেন। সে সময় ২০ বছর বয়সী রাহুল বাবার সঙ্গে প্রচারে গিয়ে রাজীববিরোধীদের পাথর নিক্ষেপের মুখে পড়েছিলেন। বাড়ি ফিরে রাহুল মাকে সতর্ক করে বলেছিলেন, বাবার নিরাপত্তার ব্যবস্থা না নিলে শিগগিরই হয়তো তাকে বাবার শেষকৃত্যে অংশ নিতে হবে। রাহুল বলেন, বিষয়টি নিয়ে বাবা রাজীবের সঙ্গেও তার কথা হয়েছিল। বাবার সঙ্গে তার তর্কও হয়েছিল। ভিডিওতে তিনি বলেন, তার বাবার নিরাপত্তা সরিয়ে নেওয়া নিছক কোনো দুর্ঘটনা ছিল না; বরং অনেক ভাবনাচিন্তা করেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে বাবাকে হত্যা করা সহজ হয়।