রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা অব্যাহত থাকায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনের এসব হামলার জবাবে রাশিয়ার প্রতিশোধ নেওয়া এখন ‘অনিবার্য’।
মঙ্গলবার ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও শীর্ষ তেল নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে পুতিন এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান ও সরাসরি অনুরোধ সত্ত্বেও কিয়েভ রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ইউক্রেন ট্রাম্পের পরামর্শ উপেক্ষা করছে। এ পরিস্থিতিতে আমি জোর দিয়ে বলতে চাই, এখন আমাদের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া অনিবার্য হয়ে উঠেছে।’ বৈঠকে পুতিন জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন।
পুতিনের এ হুমকির আগে কিয়েভ জানিয়েছিল, মস্কো ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করলেই কেবল কিয়েভ একই ধরনের হামলা বন্ধ করবে।
এর আগে গত শনিবার ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় জাহাজের একজন নাবিক আহত হয়েছেন। ইউক্রেনই ওই হামলা চালিয়েছে বলে পরে নিশ্চিত করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার জেলেনস্কি জানান, ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার জন্য ইউক্রেন দায়ী। শনিবার ‘স্পার্টা ২’ নামের জাহাজটিতে ওই হামলা হয়। এতে একজন ক্রু সদস্য আহত হন। ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, জাহাজটি অস্ত্র বহন করছিল। এ কারণে এটি ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু ছিল।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে সংঘাত চলছে। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ট্রাম্প জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানান। এরপর ইউক্রেনের হামলা কিছুটা কমলেও অক্টোবরের শেষ দিকে তা আবার বেড়ে যায়।
বার্তা সংস্থা রয়টার্স দুটি জ্বালানি খাতের হিসাবের বরাত দিয়ে বলেছে, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতের পরিমাণ ৪৫ শতাংশ কমেছে।