বিএনপি কর্মী হত্যায় অতিরিক্ত এসপি হাসান কারাগারে

বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি-১৪) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। সোমবার রাতে ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পরিকল্পনাকারীর অভিযোগও আনা হয়েছে।

আবুল হাসান সবশেষ এসআরবি-১৪ ব্যাটালিয়নের ভৈরব ক্যাম্পের কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে মকবুল হত্যাকা-ের সময় তিনি ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত উপকমিশনার ছিলেন। এ ছাড়া ডিএমপির গুরুত্বপূর্ণ কয়েকটি পদে কর্মরত ছিলেন। মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিএমপির কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। ভাঙচুর চালানো হয় কার্যালয়টিতে। সেখানে নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর ওই ঘটনায় মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন। এজাহারে ১৭১ নম্বর আসামি আবুল হাসান।

সোমবার রাতেই তাকে আটক করে ঢাকায় আনা হয়। এরপর মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠান তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. তোফাজ্জল হোসেন। তবে আবুল হাসানের বিরুদ্ধে ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের সম্পৃক্ততার অভিযোগও আনা হয়েছে। মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, থানায় অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করতে গিয়ে অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে পুলিশ কর্মকর্তা আবুল হাসানের সম্পৃক্ততার তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে। গ্রেপ্তারের আগে তাকে এসআরবি-১১ ও পুলিশ হেডকোয়ার্টারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। গ্রেপ্তার আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।

১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখার কথা জানিয়েছে বিজিবি সদর দপ্তর।

গতকাল বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকা- প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডিওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।