দেশে মোট ভোটার ১৩ কোটি

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন ১০ জানুয়ারি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ এএম

দেশে এখন সর্বমোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। এদিকে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মুর্শেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা হালনাগাদ ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৯৭ জন। নির্বাচন কমিশন প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, কেবল তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। ইসির ঘোষণা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। প্রাথমিকভাবে নভেম্বর থেকে মে মাসের মধ্যে ৭ ধাপে ভোট করার পরিকল্পনা ছিল ইসির। সেই অনুযায়ী ৩১ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তখনকার তুলনায় ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি : এদিকে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মুর্শেদ আলম রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর, বাছাই হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর।

সর্বশেষ সর্বাধিক পঠিত