এলপিজিতে সুখবর ডিসেম্বরে কমতে পারে দাম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ এএম

টানা দরবৃদ্ধির পর ডিসেম্বরে কমতে পারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অপারেটররা বলছেন নভেম্বরের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে আবারও কোনো গুরুতর ঘটনা না ঘটলে টনপ্রতি ১৫০ ডলার কমতে পারে। এতে ১২ কেজির বোতলে ২০০ থেকে ২৪০ টাকা দাম কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দাম কমে যাবে এমন ধারণা থেকে এলপিজির মজুদ ছেড়ে দিচ্ছে আমদানিকারকরা। এতে ডিলার পয়েন্টে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে কম দামে এলপিজি পাওয়া যাচ্ছে বলেও দাবি করছেন তারা। একই সঙ্গে অতি মুনাফার হাত থেকে রক্ষা পেতে কোম্পানির টোল ফ্রি নম্বরে ফোন করে এলপিজি কেনার জন্য খুচরা বিক্রেতাদের আহ্বান জানাচ্ছেন তারা।

নিয়ম অনুযায়ী মাসের শেষ দিন পরবর্তী মাসের সৌদি সিপি ঘোষণা হয়। সেই দাম ধরেই পরবর্তী মাসের জন্য এলপিজির মূল্য নির্ধারণ করে বিইআরসি। অর্থাৎ আর চারদিন পর সৌদি সিপি ঘোষণা হবে। তবে প্রতিদিন এলপিজি কেনাবেচার যে তথ্য অনলাইনে প্রকাশ করা হয় সেটি বিশ্লেষণ করেই বোঝা যায় এলপিজির দাম বাড়বে না কমবে।

গত কয়েক মাস ধরে এলপিজির দাম আন্তর্জাতিক বাজারে চড়া ছিল। বিশেষ করে জুলাই থেকে অক্টোবর এই চার মাসে সৌদি সিপি ঊর্ধ্বমুখী ছিল। ফলে এই সময়ে এক মাসের এলপিজি মজুদ রেখে আরেক মাসে বিক্রির প্রবণতা ছিল। চলতি মাসে সেই প্রবণতা থেকে কোম্পানিগুলো বেরিয়ে এসেছে। এতে করে মজুদ এলপিজি বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ূন রশিদ দেশ রূপান্তরকে বলেন, এখন যে অবস্থা তা দেখে মনে হচ্ছে সৌদি সিপি ডিসেম্বরে ১৫০ ডলার কমতে পারে। যদি না মধ্যপ্রাচ্যে কোনো বিশেষ পরিস্থিতি সৃষ্টি না হয়। এতে দেশের বাজারেও এলপিজির দাম কমবে। দেশে কমলেও সাধারণ ভোক্তা কম দামে এলপিজি পায় না, তাদের বেশি দামে কিনতে হয় এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, প্রত্যেকটি কোম্পানির টোল ফ্রি নম্বর আছে। ভোক্তা যদি সেখানে ফোন করে তাহলে কোম্পানিগুলোই বাসায় এলপিজি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এক্ষেত্রে কাউকে বেশি দাম দিতে হবে না। হুমায়ূন রশিদ জানান, এখন দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে। আগামী মাসে আরও এক লাখ ৮০ হাজার টন এলপিজি আসবে। ফলে সবাই চাইছে তাদের মজুদ দ্রুত বিক্রি করতে। যাতে আগামী মাসে দাম কমে গেলে কোম্পানিগুলো আর্থিক ক্ষতিতে না পড়ে।

আগামী মাসে সৌদি সিপি কমবে বলে ধারণা করছেন টিএমএসএস এলপিজির কর্মকর্তা আনিসুর রহমান। তিনি বলেন, মাসের মাঝামাঝি থেকেই দাম কমা শুরু হয়েছে। ফলে গত মাসের তুলনায় চলতি মাসে অনেকটা দাম কমে আসবে বলে ধারণা করছেন তিনি। যা বাজারের ওপর প্রভাব ফেলবে।

বিইআরসি সবশেষ গত ২ নভেম্বর যে দাম বৃদ্ধি করেছে তাতে দেখা যায়, সৌদি আরামকো প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি অনুযায়ী দাম ছিল প্রতি টন ৭২০ ডলার এবং ৭৮০ ডলার। দেশে প্রোপেন ও বিউটেনের মিশ্রণের অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি ছিল প্রতি টন ৭৫৯ ডলার। চলতি মাসে ১৫০ ডলার কমলে এই দাম হবে ৬০৯ ডলার। তবে জাহাজ ভাড়া, প্রিমিয়াম, অন্যসব কমিশন ঠিক থাকলে দেশে ১২ কেজির বোতলের দাম ২০০ থেকে ২৪০ টাকা কমতে পারে বলে বিইআরসির একজন কর্মকর্তা জানান। তবে সৌদি সিপি প্রকাশের আগেই তিনি সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ওই কর্মকর্তা জানান, যতক্ষণ পর্যন্ত সৌদি সিপি ঘোষণা না হয় ততক্ষণ বিইআরসি আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারে না।

এ ছাড়া জুলাই থেকে অক্টোবর এই চার মাসে এলপিজির কাঁচামালের দাম পর্যালোচনা করে দেখা যায়, গত জুলাইতে প্রোপেনের দাম ছিল টনপ্রতি ৫৮০ ডলার এবং বিউটেনের ছিল ৬০০ ডলার। আগস্টে ছিল প্রোপেন ৬২০ ডলার এবং বিউটেন ৬৪০ ডলার। সেপ্টেম্বরে ছিল প্রোপেন ৬২৫ ডলার এবং বিউটেন ৬৬০ ডলার। অক্টোবরে ছিল প্রোপেন ৬৮০ ডলার এবং বিউটেন ৭৩০ ডলার।

শীতের কারণে ইউরোপ এবং আমেরিকাতে এলপিজির চাহিদা বৃদ্ধি পায়। ওই সময় এলপিজির দাম একটু বেশি থাকলেও এবার ইরান-আমেরিকা যুদ্ধের কারণে এলপিজির দাম বছরের শুরু থেকে গত মার্চ থেকে বাড়তে থাকে। গত জানুয়ারিতে সৌদি সিপি অনুযায়ী প্রোপেনের দাম ছিল ৫২৫ ডলার এবং বিউটেনের দাম ছিল ৫২০ ডলার।

জানতে চাইলে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, আগামী মাসে যেহেতু দাম কমবে বলে ধারণা করা হচ্ছে। এ জন্য আমদানিকারকরা তাদের মজুদ বাজারে ছেড়ে দিয়েছে। সেজন্য ডিলার পয়েন্টে এলপিজির দাম বিইআরসি নির্ধারিত দামের তুলনায় কমে গেছে।

বিইআরসি সদস্য মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, আমরাও আশা করছি সৌদি সিপি কমতে পারে। তবে কতটা কমবে সে বিষয়ে আগাম মন্তব্য করতে সম্মত হননি তিনি। বিইআরসি সদস্য বলেন, গতকাল বুধবার পর্যন্ত দেশে ১ লাখ ৩৪ হাজার টন এলপিজি আমদানি হয়েছে। আশা করা হচ্ছে এটা আরও বাড়বে। ফলে সবকিছু মিলিয়ে এটিকে আশার বিষয় বলে মনে করছেন তিনি।

গত চার মাসে দেশের বাজারে এলপিজির দাম কয়েক দফায় ওঠানামা করেছে। আগস্টে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সেপ্টেম্বরে ১৩ টাকা কমিয়ে দাম ১ হাজার ৫৮৫ টাকা করা হয়। তবে অক্টোবরে এক ধাক্কায় ২৫২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৮৩৭ টাকা। সর্বশেষ নভেম্বরে আরও ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ২ হাজার ৬০ টাকা।

প্রসঙ্গত গত মাসে নভেম্বর মাসের জন্য এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়। এখন ২০০ থেকে ২৪০ টাকা দাম কমলে ডিসেম্বরে এই দাম হতে পারে ১ হাজার ৮২০ থেকে ১ হাজার ৮৬০ টাকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত