শ্রমিকরা তবুও রাজপথে

সরকার দ্রুততম সময়ে পোশাক খাতের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের ঐকমত্যের ভিত্তিতে বর্ধিত নতুন বেতন কাঠামোর খসড়া ঘোষণা করেছে। এই ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালের পর তিন বছরের মাথায় চারটি পৃথক গ্রেডে পোশাকশিল্প শ্রমিকদের বেতন ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হলো। গত সোমবার থেকে দফায় দফায় দীর্ঘ আলোচনা, দর-কষাকষি এবং সর্বশেষ বুধবার মধ্যরাতের পর বৈঠকে গোপন ভোট নেওয়ার পর মাসিক ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণা করেছেন বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এদিকে, বর্ধিত নতুন মজুরি কাঠামোর খসড়া ঘোষণা করা হলেও শ্রমিক অসন্তোষ থামেনি। গতকাল সকাল থেকেই সাভার ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা কাজ ছেড়ে সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুর করেছেন। এ পরিপ্রেক্ষিতে নতুন করে কিছু কারখানা বন্ধ ও ছুটি ঘোষণা করার খবর পাওয়া গেছে। তবে, ঢাকা, নারায়ণগঞ্জসহ আশুলিয়া এমনকি গাজীপুরেরও বেশিরভাগ কারখানায় শ্রমিকরা কাজে ফিরে গেছেন বলে জানা গেছে।

পোশাক খাতের দুটি ট্রেড ইউনিয়নের প্রতিনিধি দেশ রূপান্তরকে বলেছেন, বিদ্যমান বাজারদর ও জীবনযাপনের ব্যয় বিবেচনায় নিয়ে ঘোষিত মজুরির হার পুনর্বিবেচনা করতে। তাদের মধ্যে একজন বলেছেন, দ্রুততম সময়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করায় সরকারের সদিচ্ছা প্রকাশ পেয়েছে এবং এই প্রথমবারের মতো মালিক-শ্রমিক ও সরকারপক্ষ বসে ঐকমত্যের ভিত্তিতে একটি মজুরি কাঠামো দেওয়ার প্রচেষ্টা আমরা দেখেছি। তবে তারা দুজনই দাবি করেছেন, বর্ধিত ন্যূনতম মজুরি ঘোষণার পরও বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের আন্দোলনে সহিংসতা সৃষ্টিতে শ্রমিকরা জড়িত নন। তৃতীয় কোনো পক্ষ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ নিতে চেষ্টা করে থাকতে পারে বলে দুই ট্রেড ইউনিয়ন প্রতিনিধির উভয়েই দাবি করেন।

মালিকপক্ষ দাবি করেছে, মজুরি নির্ধারণ করতে হলে বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় পোশাকশিল্পের বর্তমান উৎপাদন সক্ষমতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার বাস্তবতাকেও বিবেচনায় নিতে হবে। ভিয়েতনাম বা অন্যান্য প্রতিযোগী দেশের মতো পর্যাপ্ত নীতিসহায়তা আমরা পাই না। তারপরও যে সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়নে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করা হবে।

পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকা করার প্রস্তাব দিয়েছিল সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)। ঘোষিত ন্যূনতম মজুরি তাদের সর্বনিম্ন প্রস্তাবের চেয়েও ১ হাজার ৫৭৮ টাকা কম। এ প্রসঙ্গে মন্তব্য জানতে চাইলে সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, এই মজুরি ঘোষণার পর মালিক-শ্রমিক কেউই খুশি হননি। তাহলে মাত্র ২৫ দিনের মাথায় তড়িঘড়ি করে এটা কেন করা হলো? ২০০৬ সালের শ্রম আইনে স্পষ্ট বলা আছে, মজুরি নির্ধারণে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিতে হবে। সেখানে ১১টি সূচকের কথা উল্লেখ আছে। মজুরি বোর্ড ওই সূচকগুলোর তথ্য খতিয়ে দেখে নিজস্ব পর্যবেক্ষণ শেষে একটি গ্রহণযোগ্য সুপারিশ করবে। শ্রমিক-মালিক, শিল্প ও দেশের  স্বার্থ সুরক্ষায় বোর্ডসভায় দর-কষাকষি হবে তথ্য-উপাত্তের ভিত্তিতে। কিন্তু এবারে তা হয়নি। ভবিষ্যতে এটি খেয়াল রাখতে হবে।    

বুধবার ভোররাতে মজুরি বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী অপেক্ষমাণ সাংবাদিকদের জানান, নতুন মজুরিকাঠামোয় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চারটি গ্রেডই বহাল রাখা হয়েছে। প্রথম গ্রেডে নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে ছিল ১৫ হাজার ৩৫ টাকা। বেড়েছে ৪৩ শতাংশ। দ্বিতীয় গ্রেডে ন্যূনতম বর্ধিত বেতন ২০ হাজার টাকা। আগে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। বেড়েছে ৪০.১১ শতাংশ। তৃতীয় গ্রেডে বর্ধিত বেতন নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। মজুরি বেড়েছে ৪১.৭০ শতাংশ। সর্বশেষ চতুর্থ গ্রেডের বেতন বাড়িয়ে করা হয়েছে ১৭ হাজার টাকা। আগে ছিল ১২ হাজার ৫০০ টাকা। বেড়েছে ৩৬ শতাংশ।

বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরিকাঠামো। তবে নির্ধারিত বেতনের পাশাপাশি ওভারটাইম করলে শ্রমিকদের মাসিক আয় আরও বাড়বে। কোন গ্রেডে কত বেতন এবং ওভারটাইমের হিসাব কীভাবে হবে, তা নিয়ে বিস্তারিত ঘোষণা পরে দেওয়া হবে।

সভায় মালিক পক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন, শ্রমিক পক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও নিরপেক্ষ দুই সদস্য মোসলেহ উদ্দিন আহমদ ও আনোয়ার হোসাইন ছাড়াও উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির কর্মকর্তা সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে সভায় অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, স্বাভাবিক কর্মঘণ্টার অতিরিক্ত কাজের জন্য শ্রমিকদের ওভারটাইম ভাতা দিতে হয়। এ ক্ষেত্রে ওভারটাইমের হার সাধারণ মজুরির দ্বিগুণ। ওভারটাইম হিসাব হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১০৮ ধারা এবং শ্রম বিধিমালা, ২০১৫-এর ১০২ বিধি অনুযায়ী। এতে মাসিক বেতনভুক্ত শ্রমিকের ক্ষেত্রে ঘণ্টাপ্রতি ওভারটাইমের হিসাব করতে মূল মজুরিকে ২০৮ দিয়ে ভাগ করে ফলাফল দ্বিগুণ করতে হয়। অর্থাৎ প্রতি ঘণ্টার ওভারটাইম = (মাসিক মূল মজুরিস্ট২০৮)ী২।

গত অক্টোবরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা ফুঁসে উঠলে নভেম্বরের ১ তারিখে ছয় সদস্যবিশিষ্ট মজুরি বোর্ড গঠন করে সরকার। পরে ৪ এবং ৯ নভেম্বর ২টি সভা করার পর মজুরি বোর্ড ১৬ নভেম্বরের তৃতীয় সভা স্থগিত করে। ওই সভা শুরু হয় গত সোমবার। কিন্তু সেদিন মালিকদের দেওয়া প্রস্তাবের ওপর আলোচনা অনিষ্পন্ন রয়ে যায়। পরদিন মঙ্গলবার দুপুর ২টায় আবার বোর্ড আলোচনা শুরু করে টানা বুধবার ভোররাত পর্যন্ত। এরপর রাত ৪টার পর সাংবাদিকদের ব্রিফিং করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নির্ধারণে বোর্ডের সব সদস্য একমত হলেও চতুর্থ গ্রেডের ক্ষেত্রে ঐকমত্য হয়নি। এ কারণে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। পরে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ন্যূনতম মজুরি ঘোষণার প্রতিক্রিয়ায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান দেশ রূপান্তরকে বলেছেন, ‘পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়ে মালিকপক্ষ সব সময়ই আন্তরিক। তবে দেশের তৈরি পোশাকশিল্পের বর্তমান উৎপাদন সক্ষমতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার বাস্তবতাকেও বিবেচনায় নিতে হবে। ভিয়েতনাম বা অন্যান্য প্রতিযোগী দেশের মতো পর্যাপ্ত নীতিসহায়তা ও অবকাঠামোগত সুবিধা পেলে আমাদেরও বেশি মজুরি দিতে কোনো আপত্তি নেই। আমরা চাই গঠিত নিম্নতম মজুরি বোর্ড নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সব পক্ষের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে তা ভারসাম্যপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যেই মালিকরা তা বাস্তবায়ন করতে পারে সেদিকে খেয়াল রেখে শ্রমিক-মালিক উভয় পক্ষের কারখানার উৎপাদনে মনোযোগ দেওয়া জরুরি। তিনি বলেন, শিল্প ও দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে সব ধরনের বিশৃঙ্খলা পরিহার করে কারখানার উৎপাদন পরিবেশ স্বাভাবিক রাখতে শ্রমিক-মালিক সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার।’

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জলি তালুকদার বলেন, আমাদের পক্ষ থেকে দাবি ছিল ৩০ হাজার টাকা। যে মজুরি ঘোষণা করা হয়েছে তা বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব এটি পুনর্বিবেচনা করা হোক। একই সঙ্গে শ্রমিকদের এই বার্তা দিতে চাই যে, আপনারা কাজে ফিরে যান। কাজ ঠিক রেখেও আলোচনা অব্যাহত রাখা যেতে পারে। মালিকপক্ষকে বলব, নিজ নিজ কারখানায়ও শান্তিপূর্ণভাবে গঠনমূলক আলোচনা করার সুযোগ রাখুন।

আমি উল্লেখ করতে চাই যে, এবারই প্রথম মালিক-শ্রমিক আলোচনা করে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে চেষ্টা করেছে। যদিও শ্রমিকপক্ষ যথেষ্ট ছাড় দিয়েছে। শ্রমিকদের বাঁচার মতো মজুরি দরকার। এখন দেখা যাক, মূল মজুরি ও এর সঙ্গে অন্যান্য ভাতার হার কীভাবে নির্ধারণ করা হয়।

আমরা এতদিন ধরে দেখে এসেছি, কারখানাগুলোতে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে পারে না। মালিকদের পকেট কমিটি ও এনজিও নিয়ন্ত্রিত শ্রমিক প্রতিনিধিদের কারণে সাধারণ শ্রমিকরা ন্যায্য দাবি-দাওয়া নিয়ে কথা বলতে পারে না। এটা যেন ভবিষ্যতে আর না হয় সেদিকটা সরকারকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া, আমি বিশ্বাস করি শ্রমিকরা আন্দোলন করে প্রতিনিয়ত গ্রেপ্তার-হয়রানি মোকাবিলা করতে চায় না। তারা বাঁচতে চায়। পেটের দায়ে আন্দোলন করে। কিন্তু আন্দোলনে শ্রমিকরা সহিংসতা সৃষ্টি করে না।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করে দ্রুততম সময়ে একটি বর্ধিত বেতনকাঠামো ঘোষণা করায় আমরা সরকারের সদিচ্ছার প্রতিফলন দেখতে পাচ্ছি। তবে, যে ঘোষণা এসেছে তা শ্রমিকদের আকাক্সক্ষা পূরণে যথেষ্ট নয়। সরকার শ্রমিকদের স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদপণ্য, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার সুযোগ করে দিলে এই শিল্পের উৎপাদনশীলতা অনেকগুণ বেড়ে যাবে। সরকার তার প্রতিশ্রুত হাসপাতাল প্রতিষ্ঠা ও তার কার্যক্রম অবিলম্বে শুরু করবে বলে আমি আশা করি। ন্যূনতম মজুরি ঘোষণার পরও বিভিন্ন কারখানায় বিশৃঙ্খলা ও বিক্ষোভ চলাকালে ভাঙচুর প্রসঙ্গে আমি বলতে চাই, এগুলো শ্রমিকরা করে না। এক্ষেত্রে সুযোগ নেয় তৃতীয় পক্ষ। এটি কারা করে তার খবর সরকার জানার কথা। আমি বলব, শ্রমিকরা সহিংসতায় জড়িত নন।

এদিকে, গতকাল ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক বর্ধিত হারে বেতনকাঠামোর ঘোষণা দেওয়ার পর ঢাকা, নারায়ণগঞ্জ এমনকি আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছেন। কিন্ত গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ সড়ক ও ঢাকা-টাঙ্গাইল সড়কের পার্শ¦বর্তী কিছু কিছু কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। একপর্যায়ে মালিকপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করার কথা জানা গেছে।

এদিকে আজ রাজধানীর কাকরাইলে শ্রম ভবনে গার্মেন্ট শ্রমিকদের মজুরি কাঠামো নিয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে তিনি এ প্রসঙ্গে কথা বলবেন।