লটারিতেও সিন্ডিকেটের উঁকি

দীর্ঘ প্রতীক্ষা, নানা নাটকীয়তা এবং অভিবাসন-ব্যয় কমানোর জোরালো প্রতিশ্রুতির পর আজ আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে এবার কর্মী নির্বাচনে ‘ডিজিটাল লটারি’ পদ্ধতি চালু করা হয়েছে। তবে নতুন এ প্রক্রিয়ার সূচনালগ্নেই পুরনো সেই সিন্ডিকেট-চক্রের অদৃশ্য প্রভাবের অভিযোগ উঠেছে। কর্মী যাওয়ার আবেদনের পর বাছাই করার পর লটারি জনসমক্ষে অনুষ্ঠিত না হওয়ার অভিযোগের তীর ক্রমশ স্পষ্ট হচ্ছে। লটারি-ব্যবস্থার আড়ালেও কৌশলে নিজেদের আধিপত্য ধরে রেখেছে অতীতের বিতর্কিত চক্রগুলো।

শ্রমবাজারের সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানায়, মালয়েশিয়ায় মজুরি বেশি ও কাজের পরিবেশ ভালো, এখন সহজেই শ্রমিকরা যেতে পারবেন। এতে দেশের রেমিট্যান্স আসার পরিমাণও আশানুরূপ বাড়বে। নতুন করে কলিং ভিসা চালুর খবরে সবার মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে। ২০২২ থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে ৪ লাখ ৮০ হাজার শ্রমিক মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। পাঠানোর পরপরই বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। ওই বছরের ১ জুন থেকে নতুন করে বিদেশি কর্মীর প্রবেশের সুযোগও বন্ধ করে দেয় দেশটি। দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান সরকার নানা উদ্যোগ নেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করে শ্রমিক নেওয়ার বিষয়ে আরও পাকাপোক্ত ব্যবস্থা করেন। দেশটিতে কর্মী পাঠানোর জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লেয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি প্রসেসিং অথবা সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সিসহ ৩৩৮টি এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয় মালয়েশিয়া কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়া ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানায়। তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেরাই মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে বের করতে, চাকরির চাহিদাপত্র সংগ্রহ করতে, বাংলাদেশে কর্মী নির্বাচন করতে এবং নিয়োগ-কার্যক্রম পরিচালনা করতে পারবে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক প্রক্রিয়া, যেমন কলিং ভিসা ও ই-ভিসা-সংক্রান্ত কাজে বোয়েসেলসহ তালিকাভুক্ত ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি প্রয়োজনীয় সহায়তা দেবে। পরে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বাংলাদেশের আইন অনুযায়ী কর্মীদের বিএমইটি ছাড়পত্রের কার্যক্রম সম্পন্ন করবে।

আবেদনের বাছাইয়ে ঘাপলার শঙ্কা : বায়রার কয়েকজন নেতা দেশ রূপান্তরকে বলেন, আজ মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া শুরু হবে। তবে আগের সিন্ডিকেটের তৎপরতা কমছেই না। লটারিতেও হচ্ছে নানা ঘাপলা। বিনা পয়সায় যাওয়ার জন্য কয়েক হাজার আবেদন জমা পড়লেও সব আবেদন নেওয়া হচ্ছে না। এখানেও তদবিরে বাছাই করা হচ্ছে। তাছাড়া লটারি জনসম্মক্ষে করা হচ্ছে না। অল্প কিছু লোকের সামনে এমনভাবে লটারি করা হচ্ছে, তাতে পছন্দের লোকজনের নাম উঠছে। এতে সিন্ডিকেট উঁকি মারছে। তারপরেও সরকার সিন্ডিকেট ভেঙে ফেলায় আন্তরিক। তারা জানান, আগের এজেন্সিগুলো অতীতের মতো কর্তৃপক্ষকে ম্যানেজ করছে। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ মালয়েশিয়া। বিভিন্ন সময়ে বন্ধ ছিল এ শ্রমবাজার। রিক্রুটিং এজেন্সির কে, ব্যবসা করল কে এসবকে প্রাধান্য দিতে গিয়ে নানা ধরনের জট পাকানোর চেষ্টা চলছে। ব্যবসায়ীদের স্বার্থকে বিশেষ গুরুত্ব না দিয়ে দুদেশের সরকারের নিয়মনীতিকে প্রাধান্য দিয়ে শ্রমিকের সুরক্ষা ও স্বার্থের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশাল এ শ্রমবাজার খুলছে। এতে দেশে রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধি পাবে। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে সরকার বা মন্ত্রণালয় কাউকে ব্যবসা বা কাজ এনে দিতে পারে না। এক শ্রেণির রিক্রুটিং ব্যবসায়ী আন্দোলন, মানববন্ধন, সংবাদ সম্মেলন করা, স্মারকলিপি দেওয়া, সেমিনার ও টকশো করে অপরকে দোষারোপ করে। এমনকি জুলাই আন্দোলনের পর মামলা পর্যন্ত হয়েছে ব্যবসায়ীদের নামে। সরকারকে ভুল বুঝিয়ে ব্যবসায়ীদের একাংশ অপরাংশের বিরুদ্ধে মামলা করেছে।

রিক্রুটিং এজেন্সির মালিকদের সংগঠন বায়রার সাবেক মহাসচিব মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বলেন, ‘কর্মীদের নিরাপদ কর্মসংস্থান, নিরাপত্তা ও কম খরচে মালয়েশিয়া যাওয়ার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সবাইকে মিলেমিশে ব্যবসা করতে হবে।

কোনো ধরনের সিন্ডিকেট থাকা উচিত হবে না। বর্তমান সরকার নানা উপায়ে শ্রমবাজার বড় করার চেষ্টা করছে। আমরাও সরকারকে সব ধরনের সহায়তা করছি এবং করে যাব।’

নতুন পদ্ধতি ‘লটারি, প্রথম ফ্লাইট’ : সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ১১২ জন কর্মী। তাদের নিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। এ ফ্লাইটের মধ্য দিয়েই দেশটিতে শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। সম্পূর্ণ বিনা খরচে এই কর্মীরা বিশ্বখ্যাত লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ায় কাজে যোগ দিতে যাচ্ছেন। তাদের বিমানভাড়াসহ অভিবাসনের যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগদাতা প্রতিষ্ঠানটি। সরকারি ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। এই প্রক্রিয়ায় গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। আবেদনকারীদের মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল। পরে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই শেষে ১১২ জন কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।

সিন্ডিকেটের দীর্ঘদিনের নেটওয়ার্ক : মালয়েশিয়ার নিয়োগকর্তাদের কাছ থেকে কাজের চাহিদাপত্র সংগ্রহ করার ক্ষেত্রে পুরনো সিন্ডিকেট সদস্যদের দীর্ঘদিনের নেটওয়ার্ক রয়েছে। মালয়েশিয়ার অভ্যন্তরে থাকা একটি প্রভাবশালী চক্রের সঙ্গে যোগসাজশ করে তারা আগেভাগেই বড় বড় কোম্পানির ডিমান্ড লেটারগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। ফলে লটারিতে সাধারণ এজেন্সিগুলোর নাম উঠলেও তাদের হাতে কোনো চাহিদাপত্র না থাকায় তারা কর্মী পাঠাতে পারছে না বলে একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন। অভিযোগ উঠেছে, বিএমইটির ডেটাবেজে নিবন্ধনের ক্ষেত্রে সিন্ডিকেটভুক্ত এজেন্সিগুলো আগে থেকেই তাদের নিজস্ব দালালের মাধ্যমে সংগৃহীত কর্মীদের নাম বিপুল সংখ্যায় নিবন্ধন করে রাখছে। লটারিতে নাম ওঠার পর মেডিকেল টেস্ট ও পুলিশ ক্লিয়ারেন্সের ধাপগুলোতেও সিন্ডিকেটের নিজস্ব মেডিকেল সেন্টারগুলোর একচেটিয়া আধিপত্য বজায় রাখছে।

অতিরিক্ত অর্থ আদায়ের নতুন কৌশল : সরকার নির্ধারিত ফির বাইরে কোনো টাকা না নেওয়ার কঠোর নির্দেশনা থাকলেও, সিন্ডিকেট সদস্যরা ভিন্ন পথে টাকা আদায় শুরু করেছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। ‘প্রসেসিং ফি’, ‘বিমান টিকিটের বাড়তি দাম’ এবং ‘মালয়েশিয়ায় আবাসন নিশ্চিতকরণ’-এর কথা বলে কর্মীদের কাছ থেকে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হচ্ছে। রসিদ ছাড়া নগদ অর্থে এই লেনদেন হওয়ায় প্রশাসনের পক্ষে তা প্রমাণ করাও কঠিন হয়ে পড়ছে। নাম প্রকাশ না করে কয়েকজন সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিক অভিযোগ করে বলেন, সিন্ডিকেট ভাঙার যে ঘোষণা সরকার দিয়েছিল, তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে। সিস্টেম বদলালেই দুর্নীতি বন্ধ হয় না, যদি সিস্টেম পরিচালনাকারী মানুষগুলো একই থাকে। অভিবাসন ব্যয়ের প্রতিটি টাকা যেন ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়, তা বাধ্যতামূলক করতে হবে। নগদ অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স তাৎক্ষণিক বাতিল ও জামানত বাজেয়াপ্ত করতে হবে।

কোনো সিন্ডিকেট থাকবে না : সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না। এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স। দ্রুত সময়ে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাবে। এটাও আমার চ্যালেঞ্জ। সিন্ডিকেটমুক্ত শ্রমবাজার গড়ে তুলতেই হবে। রেমিটেন্সযোদ্ধারা আমাদের প্রাণ। অর্থনীতিতে তারা অগ্রণী ভূমিকা রাখছে।’ বিদেশে পাঠানোর নামে যারা অপকর্ম করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীরা কোনো ধরনের ছাড় পাবে না। শ্রমিকরা অনেক স্বপ্ন নিয়ে বিদেশ যাচ্ছে। অথচ প্রতারকচক্র তাদের সর্বস্বান্ত করছে এটা মেনে নেওয়া যায় না। তাছাড়া আমরা মেনে নেবও না।

হাজারো কর্মীর মধ্যে উদ্বেগ : বোয়েসেলের লটারিতে ৪ হাজার ২৯ জন আবেদনকারীর মধ্যে ১১২ জন কর্মী নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে ১০ হাজার কর্মী বিনা খরচে পাঠানোর পরিকল্পনা থাকলেও বাকি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া কীভাবে এগোবে, তা নিয়ে আগ্রহ রয়েছে চাকরিপ্রত্যাশীদের। দীর্ঘদিন এই বাজার বন্ধ থাকায় কয়েক হাজার কর্মী বিদেশে যাওয়ার সুযোগ হারিয়েছেন। অনেক পরিবার ঋণের বোঝা নিয়ে অপেক্ষা করেছে। নতুন করে বাজারটি চালু হওয়ায় তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। কিন্তু সে আশা যেন আবারও দালাল, মধ্যস্বত্বভোগী কিংবা সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে আটকে না থাকে। একাধিক এজেন্সি মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বেশি অর্থ নিয়ে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে। দেশের সুনাম নষ্ট হয়েছে ।

৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসার আশা : ১৯৭৬ সালে মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করে। ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শ্রমিক যায় ১ কোটি ৬০ লাখেরও বেশি। কিছু রিক্রুটিং এজেন্সির দুর্নীতি করার অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের মধ্যে অনেক আলোচনার পর ২০২২ সালের আগস্টে আবার শ্রমবাজার খুলে দেওয়া হয়। সব এজেন্সির জন্য উন্মুক্ত রাখার আন্দোলন হলেও তা করা হয়নি শেষ পর্যন্ত। প্রথমে ২৫ এজেন্সি দায়িত্ব পেলেও পরে এটি বাড়িয়ে ১শ এজেন্সি করা হয়। বিভিন্ন সময় দফায় দফায় বন্ধ ছিল সেখানকার শ্রমবাজার। অবশেষে সৌদি আরবসহ অন্যান্য দেশের মতো প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটির ছাড়পত্র নিয়ে মালয়েশিয়ায় কর্মী যাচ্ছে।

২০১৭-১৮ সালে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার পর বিভিন্ন অভিযোগ উত্থাপিত হলে দুর্নীতি দমন কমিশন বিস্তারিত তদন্ত শেষে অভিযোগের প্রমাণ না পেয়ে তদন্তের সমাপ্তি ঘোষণা করে। একইভাবে বিস্তারিত তদন্ত শেষে অভিযোগটি সঠিক নয় মর্মে মালয়েশিয়ার তৎকালীন মানবসম্পদমন্ত্রী সে দেশের পার্লামেন্টে প্রতিবেদন পেশ করেন। একইভাবে ২০২২-২৪ মেয়াদে কর্মী পাঠানোর ক্ষেত্রে দায়েরকৃত মামলার তদন্তে আমাদের আইনপ্রয়োগকারী সংস্থার অনুরোধে মালয়েশিয়া সরকার জানিয়েছে, বৈধ অভিবাসন প্রক্রিয়ায় মানিলন্ডারিং বা মানব পাচারের মতো কোনো অনিয়ম হয়নি। ২০২২-২৪ মেয়াদে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার ফলে রেমিট্যান্সপ্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। গত ২০২১-২২ অর্থবছর ১ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে বর্তমান অর্থবছর শেষে মালয়েশিয়া থেকে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ তিন বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করছে বায়রা।