গাজীপুর সাভার আশুলিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ

নতুন করে মজুরি নির্ধারণের পরও আন্দোলন থামেনি পোশাকশ্রমিকদের। গতকাল বুধবারও গাজীপুর, সাভার, আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেড় শতাধিক কারখানা বন্ধ থাকার খবর পাওয়া গেছে। বিজিবি সদর দপ্তর জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার, আশুলিয়া ও গাজীপুরে ১৮ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে।

তবে নারায়ণগঞ্জের পরিস্থিতি এদিন শান্ত ছিল। সেখানকার শ্রমিকরা নতুন নির্ধারিত মজুরিতে সন্তোষ প্রকাশ করেছেন।

সাভার-আশুলিয়া : শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে গতকাল সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৬০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩ (১) ধারায় শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে ২২টি কারখানা।

শিল্পপুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল সকাল ৮টার দিকে শ্রমিকরা যথাসময়ে কারখানায় ঢুকলেও কাজ শুরু না করে ন্যূনতম মজুরি কাঠামো পুনর্নির্ধারণ এবং বকেয়া ভাতাসহ বেশ কিছু দাবিতে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, বাইপাইল এবং সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে ও সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদর এবং বাড়ি ভাড়ার সঙ্গে সংগতি রেখে তাদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে হবে। অন্যথায় তারা কাজে ফিরবেন না।

শ্রমিকদের এই অবস্থানের কারণে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মালিকপক্ষ পর্যায়ক্রমে অন্তত ৬০টি কারখানায় গতকালের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা এলাকা ত্যাগ করেন। এর আগে সকালে হেমায়েতপুর এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কারখানাগুলোর সামনে অতিরিক্ত শিল্পপুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

আশুলিয়া শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সকাল থেকেই শ্রমিকরা মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে মালিকপক্ষ তাদের কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই বন্ধ রয়েছে শিল্পাঞ্চলের ২২টি পোশাক কারখানা। কোথাও কোনো বড় ধরনের ভাঙচুর বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।’

গাজীপুর : ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা এলেও শ্রমিকদের আন্দোলন থামেনি। গতকাল সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ওপর হামলা, কারখানা ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিক ও বহিরাগতদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রমিক অসন্তোষের কারণে এদিন গাজীপুরের ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই ঘোষণার পরও শ্রমিকদের অসন্তোষ কাটেনি। বুধবার সকাল থেকেই নাওজোর, চৌরাস্তা, ভোগরা ও তিনসড়কসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা বিভিন্ন স্থানে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে কয়েক দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর হামলা ও বিভিন্ন কারখানায় ভাঙচুর করা হয়। এসব ঘটনায় শ্রমিকদের পাশাপাশি বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগও উঠেছে।

এদিকে আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়েছেন গণমাধ্যমকর্মীরাও। বিভিন্ন স্থানে বিক্ষোভের ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা ও বাধা দেওয়ার ঘটনা ঘটছে। এতে পেশাগত দায়িত্ব পালন ও ঘটনাস্থলের প্রকৃত চিত্র তুলে ধরতে সমস্যায় পড়ছেন সাংবাদিকরা।

বুধবারের সংঘর্ষে ছয় পুলিশ ও পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সালনা এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন। মালিকেরবাড়ি এলাকায় আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, বুধবার যারা বিশৃঙ্খলা তৈরি করছে, তারা শ্রমিক নন। কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার গেটে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, ২৫ নভেম্বর দিবাগত রাতে মজুরি বৃদ্ধির ঘোষণা দেওয়া হলেও বুধবার শ্রমিকরা আন্দোলন করেছেন। আন্দোলনরত শ্রমিকদের মূল ক্ষোভ গ্রেড-২ ও গ্রেড-৩-এর বেতন বৃদ্ধির ক্ষেত্রে ৮০০ টাকার ব্যবধান নিয়ে। মোট শ্রমিকের প্রায় ৮০ শতাংশ এই দুটি গ্রেডের অন্তর্ভুক্ত হওয়ায় এ বৈষম্য নিয়ে তাদের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে।

স্টাইলিস গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, উৎপাদন খরচ বেড়েছে, পাশাপাশি বাজারও হারাতে হচ্ছে। এর মধ্যেও মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেতন বাড়ানো হয়েছে। গত এক মাস ধরে শ্রমিকরা আন্দোলন করছেন। এর মধ্যে বিভিন্ন চক্র ঢুকে পড়েছে। বেতন বৃদ্ধির ঘোষণার পরও অনেক কারখানায় ভাঙচুরের ঘটনা দুঃখজনক। সামনে তাদের অনেক চ্যালেঞ্জিং সময় পার করতে হবে। শ্রমিকরা কাজে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

গাজীপুর শিল্পপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বুধবারের পরিস্থিতি বিবেচনায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

নারায়ণগঞ্জ : ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা প্রস্তাব করায় সন্তোষ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের পোশাকশ্রমিকরা। তাদের প্রত্যাশার শতভাগ পূরণ না হলেও ৭০ ভাগ পূরণ হয়েছে বলে মনে করছেন তারা। গার্মেন্টস শিল্পকে আরও উন্নত করতে সরকার পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা শ্রমিকদের।

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা প্রস্তাব করায় সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকরা। তাদের প্রত্যাশার শতভাগ পূরণ না হলেও ৭০ ভাগ পূরণ হয়েছে বলে মনে করছেন। গার্মেন্টস শিল্পকে আরও উন্নত করতে সরকার পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা শ্রমিকদের।

গতকাল বুধবার নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক দিনের মতোই কর্মস্থলে গেছেন শ্রমিকরা। দুপুরেও শ্রমিকরা লাঞ্চ বিরতিতে গিয়ে আবার ফিরে এসে কাজে যোগ দিয়েছে। জেলার কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলার বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, শিবুমার্কেট, আদমজী ইপিজেডসহ সব এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন বিজিবি ও ৪ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জেলা পুলিশ, শিল্পপুলিশ, এসআরবির একাধিক টিম মোতায়েন রয়েছে।

কয়েকজন শ্রমিক বলেন, যদিও বর্তমানে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে তাদের জীবনযাত্রার ব্যয় মেটানো কষ্টসাধ্য। তবে মজুরি বোর্ড যে প্রস্তাবনা দিয়েছে তাতে তারা সন্তুষ্ট। সরকার, বিকেএমইএ, বিজেএমইএ, শ্রমিকপক্ষ মিলে গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিবে এই প্রত্যাশা সবার। 

শিল্পপুলিশ-৪ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, নারায়ণগঞ্জে ১৬৮০টি পোশাক কারখানায় নারী-পুরুষ মিলিয়ে ৬ লাখের মতো শ্রমিক কাজ করেন। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার (ঢাক) প্রতিনিধি]