বোমার আড়ালে উগ্রবাদীরা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ এএম

রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতরে লুকানো বোমা, সাভারের আশুলিয়ায় মুদি দোকানের সামনে ফেলে যাওয়া ব্যাগে প্রেসার কুকার বোমা, হেমায়েতপুরে বোমা তৈরির সরঞ্জাম ও পাইপবোমার আস্তানা, আর কুষ্টিয়ার লালন সাঁইয়ের আখড়াবাড়িতে টাইমবোমা গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে একের পর এক শক্তিশালী বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় পৃথক মামলা হয়েছে, অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারও হয়েছেন কয়েকজন। কিন্তু এসব ঘটনার নেপথ্যে থাকা পুরো চক্র, অর্থের জোগানদাতা, বিস্ফোরক সরবরাহকারী এবং পরিকল্পনাকারীদের পরিচয় এখনো উন্মোচন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে তদন্ত সংস্থাগুলো বলছে, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্যদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বোমা ফেলে যাওয়ার বিষয়ে কোনো সাংগঠনিক যোগসূত্র রয়েছে কি না এবং কারা এর পেছনে অর্থ ও নির্দেশনা দিচ্ছে, সেসব প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনো মেলেনি। কোথাও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে, কোথাও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেটওয়ার্কের সন্ধান করা হচ্ছে। আবার কোনো ঘটনায় এখনো কাউকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত সংবাদে সাভার ও আশপাশের কয়েকটি ঘটনার সঙ্গে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন নব্য জেএমবির সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এসেছে। তবে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেশকে অস্থিতিশীল করতেই আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ দলটির সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে। তারপরও তদন্ত সংস্থাগুলো রাজনৈতিক পরিচয় সামনে এনে দায় নির্ধারণের পরিবর্তে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছেন।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে ধররের বোমা পাওয়া গেছে, সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল। এগুলো একই ধরনের হওয়ায়, সাধারণত বোঝা যায় একই গোষ্ঠীর কাছ থেকে এগুলো আসছে। একটি পক্ষ অর্থের বিনিময়ে জঙ্গি সংগঠনের কাছ থেকেও সংগ্রহ করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ ছাড়া, এসব এমন স্থানে ফেলা হচ্ছে, সেটাও জনসমাগমের এলাকাকে টার্গেট করে।

তদন্তে ঘাটতি দেখছে সংশ্লিষ্টরা: পরপর বোমা উদ্ধারের ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও তদন্তের ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে একাধিক স্থানে বিস্ফোরক উদ্ধারের পরও সব ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্তে কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রথমত, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলোর ধরন ও তৈরির পদ্ধতির মধ্যে মিল রয়েছে কি না। দ্বিতীয়ত, বিভিন্ন ঘটনায় ব্যবহৃত উপকরণের উৎস একই কি না। তৃতীয়ত, সন্দেহভাজনদের মধ্যে যোগাযোগ, অর্থ লেনদেন এবং সাংগঠনিক সম্পর্ক রয়েছে কি না। চতুর্থত, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, মোবাইলের তথ্য এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করে কারা বিস্ফোরকগুলো রেখে গেছে, তা শনাক্ত করা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী এসব ঘটনায় জড়িত কি না, সেটা দেখা হচ্ছে। তবে এ ধরনের অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য, যোগাযোগের প্রমাণ, অর্থের লেনদেন কিংবা প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেলেই কেবল তা প্রতিবেদনে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে তুলে ধরা উচিত।

জননিরাপত্তা নিয়ে উদ্বেগ : বোমা উদ্ধারের ঘটনাগুলো শুধু বিচ্ছিন্ন বিষয় নয়; এগুলো জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাব্যবস্থার জন্যও সতর্কবার্তা। মেট্রোরেল স্টেশন, বাজার, মসজিদ, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা প্রভৃতি গুরুত্বপূর্ণ স্থানের কাছাকাছি বিস্ফোরক পাওয়া যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, কোনো বিস্ফোরক উদ্ধারের পর সেটি নিষ্ক্রিয় করার মধ্যেই দায়িত্ব শেষ নয়। এর উৎস, প্রস্তুতকারক, সরবরাহকারী, অর্থদাতা এবং ব্যবহারের পরিকল্পনাকারীদের শনাক্ত করা না গেলে একই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। তাই প্রতিটি ঘটনাকে আলাদা মামলা হিসেবে না দেখে সম্ভাব্য যোগসূত্র বিবেচনায় নিয়ে সমন্বিত তদন্ত জরুরি। গত কয়েক মাসের বোমা উদ্ধারের ঘটনাগুলোতে কিছু গ্রেপ্তার ও অভিযান হলেও পুরো নেটওয়ার্কের পরিচয় এখনো স্পষ্ট নয়। কারা বিস্ফোরক তৈরি করছে, কারা সরবরাহ করছে, কারা অর্থের জোগান দিচ্ছে এবং কী উদ্দেশ্যে জনবহুল স্থানে এসব ডিভাইস রাখা হচ্ছে এসব প্রশ্নের উত্তর না মিললে বোমা উদ্ধারের পরও জনমনে আতঙ্ক কাটবে না। শুধু বোমা নিষ্ক্রিয় করা নয়, বোমার নেপথ্যের কারিগরদেরও আইনের আওতায় আনা প্রয়োজন।

মতিঝিলের বোমার সূত্রে গ্রেপ্তার : গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের কাছে একটি ছাতার ভেতরে লুকানো অবস্থায় ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে পুলিশ। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেটিকে নিরাপদে নিষ্ক্রিয় করে। এ ঘটনা ঘিরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুত্বপূর্ণ গণপরিবহন অবকাঠামোর কাছে এ ধরনের বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মতিঝিল থানায় একটি মামলা হয়। পরে ৩১ জুলাই আশুলিয়ার একটি মুদি দোকানের বাইরে ফেলে রাখা তালাবদ্ধ ব্যাগ থেকে প্রেসার কুকারের ভেতরে বিশেষ কায়দায় তৈরি আরেকটি বোমা উদ্ধার করা হয়।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তদন্তে দুটি ঘটনার মধ্যে যোগসূত্র থাকার কথা জানায়। ওই ঘটনায় জড়িত সন্দেহে ১১ আগস্ট সন্দেহভাজন জেএমবি সদস্য আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে সিটিটিসি।

সংস্থাটির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, মতিঝিল ও আশুলিয়ার বোমা উদ্ধারের ঘটনায় আরিফুল মূল অভিযুক্ত। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মতিঝিল ও আশুলিয়ার ঘটনায় তদন্তের অগ্রগতি হিসেবে একজনকে গ্রেপ্তারের তথ্য রয়েছে। তবে তার সঙ্গে কারা যুক্ত ছিল, বিস্ফোরক কোথায় তৈরি হয়েছিল এবং এর পেছনে আরও কোনো সংগঠিত নেটওয়ার্ক রয়েছে কি না, সেসব প্রশ্নের উত্তর জানা যায়নি।

সাভারে বোমার আস্তানা : গত ১১ আগস্ট সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আরিফ ওরফে ইমরানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ শ্যামপুরের একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই বাড়ি থেকে পাইপবোমা ও বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ এবং জঙ্গি সংগঠনের প্রচারপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তদন্তকারীদের সন্দেহ, নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুন এসব ঘটনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অন্যদিকে সাভারের সাধাপুর এলাকায় মসজিদের পাশের মাঠ থেকে প্রেসার কুকারসদৃশ বোমা উদ্ধারের ঘটনায় পৃথক মামলা হয়। ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চালানোর কথা জানানো হয়েছে।

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা : গত ১৯ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুটি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়। লালন স্মরণোৎসবকে ঘিরে সেখানে বিপুল মানুষের সমাগম ছিল। আখড়াবাড়ির প্রবেশপথের কাছে সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঢাকার সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে ডিভাইসটিকে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় মাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্তের কথা জানানো হলেও ঘটনার পরপরই কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এজাহারে যা বলা হয়েছে : ১৯ অক্টোবর রাতে কুষ্টিয়ার কুমারখালী বাউল সম্রাট ফকির লালন শাহর মাজারের মূল গেটের পাশে একটি শক্তিশালী বোমা পাওয়া যায়। যেটা পরে ডিএমপির এসআরইউ সদস্যরা নিষ্ক্রিয় করেন। ওই ঘটনায় পরের দিন ২০ অক্টোবর কুমরাখালী থানায় একটি মামলা করে পুলিশ, যেখানে অজ্ঞাত সংখ্যক আসামি করা হয়েছে।

এ মামলার তদন্ত কর্মকর্তা কুমারখালী থানার এসআই জুয়েল রানা দেশ রূপান্তরকে বলেন, গত এক মাসেও ওই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টির তদন্ত চলছে।

গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে জেনারেটর কক্ষের পাশে একটি বিএমডব্লিউ ছাতার মধ্যে আলো জ¦লতে দেখে সার্জেন্ট কাওসার হোসেন ঊধ্বর্তন কর্মকর্তাদের জানান। তাৎক্ষণিকভাবে ডিএমপির বোম ডিজপোজাল ইউনিট ছাতা বোমা নিষ্ক্রিয় করে। মামলার এজাহারে বলা হয়, অজ্ঞাত পরিচয়ের আসামিরা সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বোমা বিস্ফোরণের মাধ্যমে জনসাধারণের জীবন বিপন্ন করার চেষ্টা করেন।

বর্তমানে মামলাটির তদন্ত করছে ডিএমপির এসআরইউ ইউনিট। তবে এখন পর্যন্ত বোমা ফেলে যাওয়ার ঘটনায় মূলহোতাকে চিহ্নিত করতে পারেনি। কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

গত ১৩ আগস্ট সাভারের ভবানীপুরের সাধাপুর গোপেরবাড়ির লালটেক ঘোড়া মসজিদের সামনের মাঠ থেকে পেসার কুকার বোমা উদ্ধার করা হয়। ওই বিষয়ে মামলার দুই নম্বর সাক্ষী জানান, ১২ আগস্ট রাত ১টার দিকে বিকট শব্দের কারণে বাইরে তাকিয়ে দেখি মাঠের মধ্যে ছয়-সাতজন ব্যক্তি ঘোরাফেরা করছেন। পরে কয়েকজনকে ডেকে নিয়ে এলে অটোরিকশায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা একটি ড্রাম ফেলে যায়, যার ভেতরে কাপড়-চোপড় ও প্রেসার কুকার পাওয়া যায়। পরে তারা সেগুলো মসজিদের পাশে রেখে দেন। গভীর রাতে এসে দুর্বৃত্তরা ড্রাম নিয়ে যায়। কিন্তু তারা প্রেসার কুকার ফেলে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে পরীক্ষা করে দেখেন এটা শক্তিশালী বোমা। মামলার এজাহারে বলা হয়, দেশকে অস্থিতিশীল করার জন্য জন্য পূর্বপরিকল্পিতভাবে দুষ্কৃতকারীরা বিস্ফোরণের চেষ্টা করেন।

আশুলিয়া থানার এজাহারে যা বলা হয়েছে ৩০ জুলাই রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার খেজুরবাগান সাকিন মসজিদ রোডে হৃদয় চাকমার ‘ডেবিট স্টোরে’ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ট্রাভেল ব্যাগ নিয়ে আসেন। ওই দোকান থেকে একটি মোজো নিয়ে পান করেন। পরে ওই দুষ্কৃতকারী মোজোর দাম দিতে গিয়ে ২০০ টাকার নোট দেন। হৃদয়ের দোকানের ক্যাশে ভাঙতি না থাকায় তিনি পাশের দোকান থেকে টাকা ভাঙতি করাতে যান। এরপর এসে দেখেন দুষ্কৃতকারী দোকানের সামনে ব্যাগ রেখে চলে গেছেন। পরে ওই দোকানদার হৃদয়সহ উৎসুক জনতা ব্যাগ খুলে দেখেন জিআই তার ও কালো স্কচটেপ দিয়ে প্যাঁচানো একটি প্রেসার কুকার মুখে আঠা দিয়ে লাগানো রয়েছে ব্যাটারি, সুইচ ও সার্কিট দেখে বোমা বলে সন্দেহে করেন তিনি। বিষয়টি জানিয়ে রাত ১২টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের ধারণা অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতিরা পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ স্থানে কৌশলে বোমা ফেলে গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত