কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের আগরতলা স্থলবন্দর পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশের সীমান্তবর্তী আখাউড়া স্থলবন্দরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুর নেতৃত্বে ডা. খুরশিদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন ভূঁইয়া, উপজেলা যুবদলের নেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন জীবন, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপির শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় বিএনপি নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এ ঘটনাকে কেন্দ্র করে আখাউড়া স্থলবন্দর এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
এর আগে গতকাল বুধবার দুপুরে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছেছে। তারা আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করেন।
প্রতিনিধিদলে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও আলাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও ৭-৮ জন নেতা রয়েছেন। গতকাল বিকেলে প্রতিনিধিদলটির আগরতলা স্থলবন্দর পরিদর্শনের কথা রয়েছে।
শেখ হাসিনা দেশে ফিরলে যেসব স্থলবন্দর ব্যবহার করতে পারেন বলে আলোচনা রয়েছে, তার মধ্যে আগরতলা-আখাউড়া স্থলবন্দরও একটি।