রাজশাহীতে ‘ছাত্রলীগ’ ধরে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদলের দুই গ্রুপ। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় শুরু হওয়া এ সংঘর্ষ চলে এক ঘণ্টারও বেশি সময়।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাতের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকালে দুপক্ষের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। সে সময় ফুটপাতে থাকা বেশ কয়েকটি অস্থায়ী দোকানপাট ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দুপক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী শাইনুরকে রাজপাড়া থানার টিভি পুকুর এলাকা থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শাইনুরকে পুলিশের হাতে তুলে দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে বিভক্তি তৈরি হয়। লিমনের সহযোগীরা তাকে আটক  করে পুলিশে দিলেও মান্নাতের অনুসারীরা এর বিরোধিতা করে। লিমন ও তার অনুসারী নেতাকর্মীরা বাসায় ফেরার পথে সদর হাসপাতাল মোড়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

রাতের ওই সংঘর্ষের ঘটনার পর গতকাল বুধবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন এমদাদুল হক লিমন ও সাফায়েত হোসেন মান্নাত।

রাজশাহী কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে মান্নাত দাবি করেন, লিমনের পরিবারেই আওয়ামী লীগ আছে। সেদিকে না তাকিয়ে তিনি টার্গেট করে সাধারণ মানুষকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সাজিয়ে মব করে পুলিশে দিচ্ছেন। তার অভিযোগ, প্রথমে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিলে সব কিছু ঠিক থাকে। আর চাঁদা না দিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সাজিয়ে সাধারণ মানুষকে লিমন পুলিশে দিচ্ছেন। 

লিমন দাবি করেন, যারা দিন-রাত ২৪ ঘণ্টা পরিশ্রম করে ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাদের ওপরই যদি ছাত্রলীগের সহযোগিতায় হামলা চালানো হয়, তাহলে তারা কার কাছে যাবেন? তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং হামলায় জড়িত ও ইন্ধনদাতাদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

এ ঘটনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রতিকার চেয়ে তিনি বলেন, মহানগর ছাত্রদলের একজন দায়িত্বশীল নেতা হয়েও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার শিকার হতে হয়েছে। এ ঘটনার প্রতিকার প্রয়োজন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার গাজিউর রহমান বলেন, দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা রাতেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।