ব্রিটিশ রক ব্যান্ড ডুরান ডুরানের গিটারিস্ট অ্যান্ডি টেইলর মারা গেছেন

আশির দশকের জনপ্রিয় ব্রিটিশ পপ-রক ব্যান্ড 'ডুরান ডুরান'-এর গিটারিস্ট অ্যান্ডি টেইলর মারা গেছেন। ৬৫ বছর বয়সী এই সংগীতশিল্পী সোমবার (২৩ নভেম্বর) পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 

সম্প্রতি এক বিবৃতিতে ডুরান ডুরানের সদস্যরা জানান, অ্যান্ডি টেইলর  প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘ ও সাহসী লড়াই করেছেন।

বিবৃতিতে ডুরান ডুরানের সদস্য সাইমন লে বন, নিক রোডস, জন টেইলর ও রজার টেইলর বলেন, ‘আমাদের যাত্রার একেবারে শুরু থেকেই অ্যান্ডি আমাদের সঙ্গে ছিলেন। উত্তর-পূর্ব ইংল্যান্ড থেকে গিটার হাতে বার্মিংহামে এসে তিনি ব্যান্ডের সংগীতে এক অনন্য উদ্দীপনা ও আত্মবিশ্বাস যোগ করেছিলেন।’

তার স্ত্রী ট্রেসি বলেন, ‘তিনি ছিলেন আমাদের পরিবারের সবচেয়ে বড় ভরসা। প্রতিটি দিনই আমরা তাকে মিস করব।’

ইংল্যান্ডের টাইনমাউথে জন্ম নেওয়া অ্যান্ডি টেইলর ডুরান ডুরানের বেশ কয়েকটি জনপ্রিয় গান রচনা করেছেন। এর মধ্যে ‘সেভ আ প্রেয়ার’, ‘রিও’ ও ‘গার্লস অন ফিল্ম’ রয়েছে। এছাড়া রবার্ট পামার, রড স্টুয়ার্ট ও বেলিন্ডা কার্লাইলের মতো শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন তিনি।

আশির দশকে নিউ রোমান্টিক সংগীতধারার অন্যতম জনপ্রিয় ব্যান্ড হয়ে ওঠে ডুরান ডুরান। আকর্ষণীয় সুর, সিন্থ-পপ সংগীত, ব্যতিক্রমী মিউজিক ভিডিও ও সদস্যদের তারকাখ্যাতি ব্যান্ডটিকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। এমটিভিতে তাদের মিউজিক ভিডিও প্রচার শুরু হলে যুক্তরাষ্ট্রেও জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। আশির দশকে ব্যান্ডটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে বিভিন্ন সংবাদমাধ্যম একে ‘দ্বিতীয় ব্রিটিশ সংগীত আক্রমণ’এর অন্যতম প্রতিনিধি হিসেবে আখ্যা দেয়।

জেলে পরিবারে জন্ম নেওয়া অ্যান্ডি নিজেই গিটার, বেজ ও ড্রামস বাজানো শেখেন এবং মাত্র ১৩ বছর বয়সে পেশাদার সংগীতজীবন শুরু করেন। যুক্তরাজ্যের বিভিন্ন ব্যান্ডে কাজ করার পর ১৯৮০ সালে ডুরান ডুরানে যোগ দেন।

সূত্র: দ্য গার্ডিয়ান