দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেওয়ার ঠিক আগমুহূর্তে বল হাতে ছন্দে ফিরলেন মোস্তাফিজুর রহমান। আইএলটি-টোয়েন্টিতে প্রথম ম্যাচের খরুচে ও উইকেটশূন্য বোলিংয়ের হতাশা পেছনে ফেলে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ালেন এই বাঁহাতি পেসার।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার রাতে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের ৪৫ রানের জয়ে ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে নেমে ২.৫ ওভারে মাত্র ১২ রানে ২ উইকেট তুলে নেন তিনি। এই পারফরম্যান্সে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪২৫ উইকেটের মাইলফলক ছুঁয়ে অ্যাডাম জাম্পাকে পেছনে ফেললেও এখনো শীর্ষ দশে ঢুকতে পারেননি কাটার মাস্টার; ৫২৫ উইকেট নিয়ে ছয়ে থাকা সাকিব আল হাসানসহ তাঁর সামনে রয়েছেন আরও ১১ জন। ৭৪৫ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে আছে আফগান তারকা লেগ স্পিনার রশিদ খান।
আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে শুরুর ম্যাচে ৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটহীন থাকায় শুরুতেই চাপে পড়েছিল মোস্তাফিজ ও তাঁর দল। সেই ম্যাচ ৫৫ রানে হেরেছিল দুবাই। তবে ভাইপার্সের বিপক্ষে ১৬৪ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নামার সময় ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়ে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন মোস্তাফিজ। ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার আক্রমণে এসে দুটি ওয়াইড দিলেও দেন মাত্র ৬ রান; একের পর এক শর্ট বলের পর শেষ ডেলিভারিতে অফ স্টাম্পের বাইরের স্লোয়ারে ফখর জামানকে (১২) কাট করতে বাধ্য করে পয়েন্টে ক্যাচ বানান তিনি। কোনো বাউন্ডারি হজম না করে ওভারপ্রতি ৫-এর নিচে রান খরচ করা এই স্পেল ভাইপার্সের ছন্দ এলোমেলো করে দেয়।
মাঝের ওভারে আন্দ্রিস গাউস, জো ক্লার্ক, শিমরন হেটমায়ার ও টম কারানকে ফিরিয়ে ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদ; হাসান খান ও দুশমন্ত চামিরাও নেন দুটি করে উইকেট।
১৬তম ওভারে ফিরে মাত্র ৩ রান দিয়ে চাপ ধরে রাখা মোস্তাফিজ ১৮তম ওভারে শেষ আঘাত হানেন, পঞ্চম বলে মুজিব উর রহমানকে কিপার-অধিনায়ক স্যাম বিলিংসের গ্লাভসে ক্যাচ বানিয়ে ১৩ বল বাকি থাকতেই ১১৯ রানে ভাইপার্সের ইনিংস গুটিয়ে দেন তিনি।
প্রথম জয়ে আসরে ঘুরে দাঁড়ানো দুবাই ক্যাপিটালস আগামীকাল শারজাহ ওয়ারিয়র্সের মুখোমুখি হবে, আর ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা মোস্তাফিজের সামনে এবার দক্ষিণ আফ্রিকা যাত্রার পালা।