জলাবদ্ধতায় ঝুঁকিতে আড়াই হাজার টন ধান

আমনের ভরা মৌসুমে অসময়ের বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট জলাবদ্ধতায় চরম বিপাকে পড়েছেন কুষ্টিয়ার চাষিরা। কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ‘বিলের মাঠ’ এলাকায় প্রায় ৩৫০ হেক্টর ধানিজমির ফসল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মাঠে জমে থাকা পানিতে প্রায় আড়াই হাজার মেট্রিক টন ধান নষ্ট হওয়ার আশঙ্কায় নির্ঘুম সময় কাটাচ্ছেন ৪ শতাধিক কৃষক পরিবার।

ভুক্তভোগী চাষিদের অভিযোগ, দীর্ঘ ৩০ বছর ধরে জলাবদ্ধতা নিরসনে নিষ্কাশন খাল নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। ফলে প্রতিবছরই জলাবদ্ধতায় ধান, ডাল ও তেলবীজসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।

সদর উপজেলার পুরাতন কুষ্টিয়া গ্রামের কৃষক সাত্তার শেখ বলেন, মাঠের ধানের অবস্থা দেখে এবার বেশ আশাবাদী ছিলেন তারা। পুরো মাঠের ধান সোনালি রং ধারণ করেছিল। কিন্তু গত সপ্তাহের বৃষ্টিতে পানি জমে যাওয়ায় এখন মাঠে নামাই কঠিন হয়ে পড়েছে। ধানের গাছও পানির ওপর শুয়ে পড়েছে।

তিনি বলেন, প্রতিবছর এ সময় ধান কাটার পাশাপাশি মসুর, মটর, খেসারি ও সরিষাসহ বিভিন্ন ফসলের বীজ বপন করা হয়। এবারও বীজ বপন করেছিলেন। কিন্তু জলাবদ্ধতায় সব নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে তাঁর অনেক টাকার বীজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরেক কৃষক হাজি বজলু ফকির বলেন, প্রতিবছর এই মাঠে পানি জমে চাষিদের দুর্ভোগ বাড়ায়। এবার ভালো ফলন দেখে যে আশা তৈরি হয়েছিল, জলাবদ্ধতায় তা এখন দুশ্চিন্তায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের নামে বিভিন্ন খাতে বিপুল সরকারি অর্থ ব্যয় হলেও কার্যকর কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেন তিনি।

চাষিদের দাবি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জমির উপরিভাগের উচ্চতা নির্ণয় করে প্রয়োজনীয় স্থানে চেম্বার নির্মাণ করতে হবে। পাশাপাশি ভূগর্ভস্থ নিষ্কাশন চ্যানেল তৈরি করে জলাবদ্ধতার স্থায়ী ও টেকসই সমাধান করতে হবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন তাঁরা।

ইউনিয়নের সবচেয়ে বড় ধান আবাদি এই মাঠে দীর্ঘদিনের জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করেছেন হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ। তিনি বলেন, নিষ্কাশন খাল ও কালভার্ট ভরাট করে অবৈধ দখল এবং পরিষদের নির্দেশনা অমান্য করে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণের কারণে পানি নিষ্কাশনব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।

সমস্যার স্থায়ী সমাধানে সবার সমন্বিত উদ্যোগের পাশাপাশি সরকারি বড় প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করেন তিনি।

মাঠটির দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা শাম্মী আক্তার মিলি জানান, তাঁর শালদাহ-পুরাতন কুষ্টিয়া ব্লকে প্রায় ৪৫০ হেক্টর আবাদি জমি রয়েছে। এর মধ্যে ৩৫০ হেক্টরের বেশি জমিতে বছরে তিনবার ধান চাষ হয়। চলতি আমন মৌসুমে প্রায় এক হাজার বিঘা ধানিজমিতে পানি জমে থাকায় চাষিরা সমস্যায় পড়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

তবে জলাবদ্ধতার কারণে সম্ভাব্য ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি। আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে হেক্টরপ্রতি ধানের ফলন সাড়ে ছয় মেট্রিক টন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন বলেন, অসময়ের বৃষ্টিতে চলতি আমন মৌসুমে কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পাকা ধান কাটতে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এটি সাময়িক সমস্যা। যেসব মাঠে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা রয়েছে, সেগুলোতে স্থায়ী পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।