কুষ্টিয়ায় ভাঙ্গাড়ী দোকানে কুড়িয়ে পাওয়া ককটেল সদৃশ্য বোমা বিস্ফোরণে দুইজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে শহরের মজমপুর রেল গেইটের কাছে রেল লাইনের পাশে ভাঙ্গাড়ী দোকানের সামনে এই ঘটনা ঘটে। আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা জব্বারের ছেলে ভাংড়ী বিক্রেতা সুমন (৩৫) ও জগতি পালপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে ভাংড়ী ক্রেতা রুহুল আমিন (৪২)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঘটনার সময় সুমন নামের ওই ব্যক্তি প্রতিদিনের মতো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পরিত্যক্ত ভাংড়ী কুড়িয়ে বেলা শেষে সেগুলি বিক্রির উদ্দেশে রুহুল আমিনের ভাংড়ীর দোকানে আসে। এসময় বস্তাভর্তি ভাংড়ী স্কেল মেশিনে ওজন করার পূর্বে বস্তা উল্টে ঢালতেই বস্তা থেকে লাল টেপ মোড়ানো ককটেল সদৃশ্য বস্তুটি নিচে পরতেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং বিস্ফোরনের আঘাতে ভাংড়ী দোকানদার রুহুল ও সুমন দুজনেই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া আড়াই'শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তারা দুইজন বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
কুষ্টিয়া আড়াই'শ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, শুক্রবার বিকেলে বোমা বিস্ফোরণ ইনজুরি নিয়ে সুমন ও রুহুল আমিন নামের দুইজন রোগী জরুরী বিভাগে আসেন। তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। আহত দুজনেরই দুই পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।