সিজেপি নেতার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল দিল্লি হাইকোর্ট

ভারতের ককরোচ জনতা পার্টির (সিপিজে) অন্যতম পরিচিত মুখ ও অ্যাক্টিভিস্ট সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করা হয়েছে বলে দিল্লি হাইকোর্টকে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। খবর এনডিটিভির। 

বিদেশ সফরে যেতে বাধা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সৌরভের করা আবেদনের শুনানিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আদালতকে এ তথ্য জানায় কেন্দ্র। একই সঙ্গে কেন্দ্রের দাবি, সৌরভের পাসপোর্টে থাকা কিছু অসংগতি তাঁর ভারতীয় নাগরিকত্বের ওপরও প্রভাব ফেলতে পারে। 

লুকআউট সার্কুলার বা এলওসি হলো ভারতের ব্যুরো অব ইমিগ্রেশনের জারি করা এক ধরনের সতর্কবার্তা। দেশের বিমানবন্দরসহ বিভিন্ন প্রবেশ ও বহির্গমন পয়েন্টে এই সতর্কবার্তা কার্যকর থাকে। সাধারণত অপরাধে অভিযুক্ত কিংবা আইনি মামলায় নাম থাকা ব্যক্তিদের দেশত্যাগ ঠেকাতে এটি জারি করা হয়।

তবে সৌরভের আইনজীবী আদালতে জানিয়েছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে এমন কোনো লুকআউট সার্কুলার জারির বিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি।

ককরোচ জনতা পার্টি বা সিপিজের অন্যতম প্রধান মুখ সৌরভ দাস। কংগ্রেসসহ ভারতের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা রয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে তথাকথিত ‘সিপিজে আন্দোলন’ নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল তাঁর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবারের এক ব্রিফিং অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর সৌরভের পাসপোর্টে জন্মস্থানসংক্রান্ত কিছু অসংগতি খুঁজে পায় চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস। এ বিষয়ে ব্যাখ্যা দিতে সোমবার তাঁকে নোটিশ পাঠানো হয়। নোটিশে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এরপর আইনি প্রতিকার চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সৌরভ।

এর আগে সৌরভ জানিয়েছিলেন, আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে বিমানে ওঠার আগে দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে তাঁকে আটকে দেওয়া হয়।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সৌরভ অভিযোগ করেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেওয়া থেকে তাঁকে বিরত রাখতেই সরকার তাঁর বিদেশযাত্রায় বাধা দিয়েছে।