ক্যানসারের কাছে হার মারলেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন বিশিষ্ট নাট্যকার, পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক মাতিয়া বানু শুকু।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন মাতিয়া বানু শুকু। নিয়মিত চিকিৎসা চললেও ক্রমেই অবনতি হচ্ছিল তার শারীরিক অবস্থার। পরিস্থিতির অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এ সময় চিকিৎসকেরাও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শেষ পর্যন্ত দীর্ঘদিনের অসুস্থতার কাছে হার মানেন তিনি।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার রচনা ও নির্মাণে মধ্যবিত্ত মানুষের জীবনযাপন, সম্পর্ক, সামাজিক বাস্তবতা ও চারপাশের নানা অভিজ্ঞতা গুরুত্ব পেয়েছে।

নাট্যকার ও পরিচালক হিসেবে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’ তাঁর উল্লেখযোগ্য কাজ। টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক নির্মাণের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। গল্প বলার নিজস্ব ধরন এবং সমাজ ও মানুষের জীবনের নানা দিক তুলে ধরার প্রবণতা তার কাজকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছিল।

নাটকের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।