চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুই আসন

চাঁদপুরের কোর্ট রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনে থাকা রেলের কর্মী ও যাত্রীদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে বগিটির দুটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর শেষ গন্তব্য চাঁদপুর বড় স্টেশনের উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন।

পরে ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বগির দুটি আসন পুড়ে গেলেও আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি।

স্টেশন মাস্টার আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে। নির্ধারিত সূচি অনুযায়ী, ভোর ৫টায় বগিটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেঘনা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। অন্যদিকে চট্টগ্রাম থেকে বিকেল সোয়া ৫টায় ছেড়ে রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।