বিভেদ ভুলে দলের ঐক্য সুদৃঢ় করতে চায় বিএনপি

ফ্যাসিবাদী শক্তির নাশকতা মোকাবিলায় বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করার কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি নিজেদের শক্তি আরও সুসংহত করতে চলার পথে দলের মধ্যে ছোটখাটো যে বিভেদ সৃষ্টি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হিংসাত্মক কর্মকান্ড মোকাবিলা করা ছাড়াও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দল গোছানোর দিকে নজর নীতিনির্ধারকদের। এ লক্ষ্যে প্রথমেই জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হতে গিয়ে বহিষ্কৃত নেতাদের দলে ভেড়ানোর উদ্যোগ নিয়েছে দলটি। এরই মধ্যে বহু নেতাকর্মী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনও করেছেন। তাতে সাড়া দিয়ে একজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শিগগির আরও বেশ কিছু নেতাকে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে সবাইকে হয়তো ফেরানো যাবে না। বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে এই প্রতিনিধির আলাপে এমন চিত্রই সামনে এসেছে।

বিএনপি নেতারা বলছেন,  প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ড, নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বহিষ্কৃত নেতারা আবেদন করেছেন।  এসব আবেদন যাচাই-বাছাই করছে দলটির হাইকমান্ড। প্রাথমিকভাবে পাঁচ শতাধিক নেতাকর্মীকে আবারও সাংগঠনিক কর্মকা-ে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এদের মধ্যে জাতীয় নির্বাচনে বিজয়ী সাত বিদ্রোহী প্রার্থীও রয়েছেন।

তারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত নানা অভিযোগে সাড়ে ৪ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। বহিষ্কার করা হয় বিভিন্ন পর্যায়ের ২ হাজার ৬০০-এর বেশি নেতাকর্মীকে। নির্বাচনের আগে তাদের একটি অংশের বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও অধিকাংশই দলের বাইরে থেকে যান। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আরও অন্তত ১৯০ জন নেতাকে বহিষ্কার করা হয়। এদের মধ্যে কেন্দ্রীয় ও তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারাও রয়েছেন। বহিষ্কৃতদের মধ্যে সাতজন নির্বাচনে জয়লাভ করেন। পরাজিত হলেও অনেক বিদ্রোহী প্রার্থী নিজ নিজ এলাকায় উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। নির্বাচনের পর থেকেই তাদের একটি বড় অংশ দলে ফেরার চেষ্টা করছে।

দলটির একাধিক দায়িত্বশীল নেতা জানান, আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য মোকাবিলা, সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলকে শক্তিশালী করতেই বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকশ নেতাকর্মী বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন। এসব আবেদন যাচাই করে অপরাধের ধরন, অতীতের সাংগঠনিক অবদান, রাজনৈতিক ত্যাগ এবং স্থানীয় বাস্তবতা বিবেচনা করে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। একইভাবে অন্যদের বিষয়েও শিগগির পর্যায়ক্রমে সিদ্ধান্ত আসতে পারে।

বিএনপির দপ্তর সংশ্লিষ্ট এক নেতা দেশ রূপান্তরকে বলেন, ‘আওয়ামী লীগকে মোকাবিলা ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পাশাপাশি দলীয় ঐক্য মজবুত করার লক্ষ্যে ধাপে ধাপে বহিষ্কৃতদের ফিরিয়ে আনা হবে। তবে রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় কোনোটা আগে, কোনোটা পরে হবে।’

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশ রূপান্তরকে বলেন, ‘সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।’

পাঁচ সদস্যের টিম : গত বুধবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির শীর্ষ নেতারা বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তারা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। টিমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

এ বিষয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বহিষ্কৃতদের অপরাধের মাত্রা বিবেচনা করে পুনরায় দলে ফেরানোর পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, ‘এক-দুই যুগ ধরে যাদের দলে অবদান ও ত্যাগ রয়েছে, তাদের ছোটখাটো যে ত্রুটিগুলো আছে, সেগুলো যদি নীতিনির্ধারকরা সংশোধনযোগ্য মনে করেন, তবে তাদের ফিরিয়ে আনা উচিত। ভবিষ্যতের জন্য একটি কঠোর সতর্কবার্তা দিয়ে তাদেরকে পুনরায় দল করার সুযোগ দেওয়া যেতে পারে।’

ফেরার তালিকায় বিদ্রোহী সাত বিজয়ী : দপ্তর সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের সম্ভাব্য তালিকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিজয়ী হওয়া সাত নেতার নাম রয়েছে বলে জানা গেছে। এরা হলেন লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এজেডএম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)। তালিকায় আরও রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান ও মোহাম্মদ আলী।

এ ছাড়া রয়েছেন যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল এবং লন্ডন জিয়া পরিষদের সহ-সভাপতি ব্যারিস্টার রেজাউল করিম।

সম্ভাব্য তালিকায় আরও আছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এমএস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীসহ অনেকে। তবে সম্ভাব্য প্রত্যাবর্তনের তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই।

এদিকে বহিষ্কৃত নেতাদের মধ্যে সবচেয়ে আলোচিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রায় তাকে প্রথম সারিতে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে নিজের সঙ্গে নেন তারেক রহমান। এ ঘটনা বিএনপির রাজনীতিতে বহিষ্কৃত নেতাদের প্রত্যাবর্তন নিয়ে নতুন আলোচনার জন্ম দেয়। ঢাকা-১২ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত হন নিরব। শেখ হাসিনাবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তার বিরুদ্ধে ৪৫৭টি রাজনৈতিক মামলা রয়েছে বলে দাবি করা হয়েছে। একাধিকবার কারাবরণও করেছেন তিনি। বহিষ্কারের পরও বিএনপির বিভিন্ন সভা-সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে তার উপস্থিতি দেখা যাচ্ছে।

দলে ফেরার বিষয়ে সাইফুল আলম নিরব দেশ রূপান্তরকে বলেন, ‘শহীদ জিয়ার আদর্শে আমি রাজনীতি করি। বিএনপির বাইরে আমার কোনো ঠিকানা নেই। জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত আমি বিএনপিতেই থাকতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিসহ বিএনপির সব রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছি। দলের সব কর্মসূচি আমার নির্বাচনি এলাকায় পালন করছি। দলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’

ঝিনাইদহ-৪ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘দল আমাদের বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করি, দল আমাদের ত্যাগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্তটি শিগগির পুনর্বিবেচনা করবে।’

বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেছি, তারা গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মী ছিলাম। দলের দুঃসময়ে মাঠে সাহসী ভূমিকা রেখেছি। দল এখন আমাদের কীভাবে কাজে লাগাবে, এটা বিবেচনা করবে। আমরা প্রস্তুত রয়েছি।’