গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সার্ভিস ৩ দিন ধরে বন্ধ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ এএম

গোপালগঞ্জ জেলার বাসিন্দাদের অনেকেই গত বুধবার রাত থেকে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো ব্যবহার করতে পারছেন না। হঠাৎ করেই কারও কারও অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়েছে। আবার অ্যাকাউন্ট চালু থাকলেও অর্থ লেনদেন করতে পারছেন না অনেকেই। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসায়ীরা। গোপালগঞ্জে সরকারি বরাদ্দ এবং রেল চলাচল বন্ধ নিয়ে নানা আলোচনার মধ্যেই মোবাইল ব্যাংকিং সার্ভিস বা এমএফএসের এই  জটিলতা নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। সমস্যার দ্রুত সমাধান না হওয়ায় গ্রাহকদের ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ২৯ ও ৩০ নভেম্বর দুই দিনব্যাপী (৪৮ ঘণ্টা) লকডাউন কর্মসূচি কেন্দ্র করে গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যে আবারও অস্থিরতা ও ভীতি ছড়িয়ে পড়েছে। জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। গত সপ্তাহে দলটির নেতাকর্মীদের বিক্ষোভ-সহিংসতায় গোপালগঞ্জ প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

গত বুধবার থেকে বিকাশ, রকেট, নগদ ও উপায়ের মতো মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলোতে লেনদেনে সমস্যার কারণে বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে বা তুলতে না পেরে এজেন্টের দোকান থেকে ফিরে গেছেন অনেকেই।

গতকাল শুক্রবার সকালে জেলার বিভিন্ন এলাকায় বিকাশ, রকেট, নগদ ও উপায় এজেন্টদের কাছে গিয়ে গ্রাহকদের এমন ভোগান্তির চিত্র দেখা যায়। কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও সমস্যার সুনির্দিষ্ট কারণ ও সমাধানের সময় জানতে পারছেন না বলে অভিযোগ গ্রাহকদের।

ভুক্তভোগীরা বলছেন, বর্তমানে দৈনন্দিন আর্থিক লেনদেনের বড় একটি অংশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সম্পন্ন হয়। তাই এ ধরনের সমস্যা দীর্ঘায়িত হলে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়বে।

গোপালগঞ্জ  শহরের ঘুল্লিবাড়ি মোড়ের চায়ের দোকানদার সঞ্জয় বিশ্বাস জানান, গত বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়িতে বড় ভাইকে ওষুধ কেনার জন্য ৩ হাজার টাকা পাঠাতে গিয়ে বিকাশ এজেন্টের দোকানে যান তিনি। কিন্তু সেখান থেকে বলা হয়, বিকাশ লেনদেন বন্ধ থাকায় টাকা পাঠাতে  পারবেন না। কোনো উপায় না পেয়ে তিনি বিকল্প পথে লোক মারফত টাকা পাঠিয়েছেন। তিনি বলেন, ‘মোবাইল লেনদেন চালু থাকলে আমাদের এ ধরনের সমস্যা পোহাতে  হতো না।’

বিলকিস খানম নামে এক নারী বলেন, তার ছেলে ঢাকায় একটি কলেজে পড়াশোনা করে। বিকাশ সেবা বন্ধ থাকায় ছেলেকে টাকা পাঠাতে পারছেন না তিনি। তার অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মোবাইল ব্যাংকিংসেবা বন্ধ করে দেওয়ায় ভোগান্তির কোনো শেষ নেই। সাধারণ গ্রাহকদের এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে বিকাশের এক এজেন্ট ব্যবসায়ী বলেন, বিকাশে তার সাত লাখ টাকা আটকে গেছে। কবে কখন বিকাশ চালু হবে, তা জানেন না। ফলে তিনি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ অবস্থায় দ্রুত বিকাশ, নগদ ও রকেটের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করা এবং যেসব গ্রাহকের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রয়েছে, সেগুলোর সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা। তারা সন্দেহজনক লেনদেনকারী অ্যাকাউন্টগুলো যাচাই করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ গ্রাহকদের লেনদেন সচল রাখার দাবি জানান।

লেনদেন সমস্যার কারণ ও সমাধানের বিষয়ে এখনো বিকাশ, নগদ ও রকেট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিদ্যুৎ স্থাপনা হামলার লক্ষ্যবস্তু না করার আহ্বান : এদিকে রাজনৈতিক কারণে বিদ্যুৎ অবকাঠামো, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত বৃহস্পতিবার ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সব শ্রেণির গ্রাহককে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু না করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন এ সতর্কবার্তা দিয়েছেন।

এ বিষয়ে তিনি বলেন, গত ১৯ নভেম্বর ১০০ থেকে ১৫০ জনের একটি দল তার কার্যালয় কম্পাউন্ডে প্রবেশ করে। এ সময় কার্যালয়ের একটি কাচ ভাঙচুর করা হয় এবং শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর হামলার আশঙ্কায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে ভয় পাচ্ছেন।

মো. মাঈন উদ্দিন আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তা-কর্মচারীদের মাঠপর্যায়ে কাজ করতে হয়। কিন্তু তাদের ওপর কিংবা কাজের জন্য ব্যবহৃত যানবাহনে হামলা হলে স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে। কর্মীরা দায়িত্ব পালন করতে না পারলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি পুরো জেলায় বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এ কারণেই গ্রাহকদের সতর্ক করে সামাজিক মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষ বলছেন, রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধের কারণে বিদ্যুতের মতো জরুরি সেবা খাতের অবকাঠামো ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর কোনো ধরনের হামলা কাম্য নয়। এতে শুধু একটি প্রতিষ্ঠান নয়, ভোগান্তিতে পড়তে পারেন জেলার লাখো মানুষ। তাই জনস্বার্থে বিদ্যুৎ স্থাপনা ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী ও জেলা সদরসহ বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সন্ধ্যার পর জেলার বিভিন্ন স্থানে এসব মিছিল বের করা হয়।

জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি বড় মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।

এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় বড় একটি মশাল মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলাতেও মশাল মিছিলের খবর পাওয়া গেছে। তবে এসব মিছিল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত