রাজনৈতিক অস্থিরতার ধাক্কা অর্থনীতিতে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতি নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, ব্যাংকিং খাতের দুর্বলতা, ডলারের বাজারে চাপ এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতা। এসব সমস্যা সামাল দিতেই হিমশিম খেতে হচ্ছে। সম্প্রতি কিছু সূচক ইতিবাচক ধারায় ফেরার ইঙ্গিত দিলেও এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে রাজনৈতিক অস্থিরতা। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিদ্যমান সংকট আরও জটিল হয়ে উঠতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব পড়তে পারে শিল্প-উৎপাদন, ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ, কর্মসংস্থান থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রায়।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক নানা ইস্যু অর্থনৈতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে টানাপড়েন, বিভিন্ন স্থানে সংঘাত-সহিংসতার ঘটনা এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপড়েন সামগ্রিক পরিস্থিতিকে আলোচনার মধ্যে রেখেছে। এর পাশাপাশি শ্রমিক-অসন্তোষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। এসব ঘটনার অর্থনৈতিক প্রভাব কতটা বিস্তৃত হবে, তা অনেকাংশে নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির ভবিষ্যৎ গতি-প্রকৃতির ওপর।

রাজনৈতিক অনিশ্চয়তার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে বেসরকারি বিনিয়োগে। উদ্যোক্তারা সাধারণত দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ব্যবসার সম্প্রসারণ করেন। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত থাকলে নতুন কারখানা স্থাপন, উৎপাদন-সক্ষমতা বৃদ্ধি কিংবা ব্যবসার সম্প্রসারণের সিদ্ধান্ত নিতে তারা সতর্ক হয়ে ওঠেন। বাংলাদেশের অর্থনীতিতে এরই মধ্যে বেসরকারি বিনিয়োগের দুর্বলতার লক্ষণ দেখা যাচ্ছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ-প্রবৃদ্ধি নেমে এসেছে ৪ দশমিক ১৭ শতাংশে, যা রেকর্ড সর্বনিম্ন। অন্যদিকে ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে মূলধনি যন্ত্রপাতি আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৫ শতাংশ কমেছে। এসব তথ্য নতুন বিনিয়োগ ও শিল্প-সম্প্রসারণে দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।

বিনিয়োগ কমে গেলে তার প্রভাব সরাসরি কর্মসংস্থানে পড়ার আশঙ্কা থাকে। নতুন শিল্পকারখানা স্থাপন ও ব্যবসা সম্প্রসারণের গতি কমে গেলে নতুন চাকরির সুযোগও সীমিত হয়ে পড়ে। অন্যদিকে বিদ্যমান ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হলে কর্মীনিয়োগ বন্ধ, কর্মঘণ্টা কমানো কিংবা শ্রমিক ছাঁটাইয়ের মতো পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে পোশাক, বস্ত্র, পরিবহন, নির্মাণ ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে এ ধরনের পরিস্থিতিতে বেশি চাপ বাড়ে। সংশ্লিষ্টদের মতে বাংলাদেশে এখন সে পরিস্থিতি দেখা দিয়েছে; অচিরেই যার নিরসন হওয়া দরকার।

সাম্প্রতিক পোশাকশ্রমিকদের আন্দোলন পরিস্থিতির একটি উদাহরণ। নভেম্বরের প্রথম দিকে শ্রমিক অসন্তোষের কারণে একপর্যায়ে ৫২৯টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এতে প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিকের কাজ প্রভাবিত হয়। শ্রমিক-অসন্তোষের পাশাপাশি জীবনযাত্রার ব্যয়-বৃদ্ধি এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক খাত। এ খাতের ওপর নির্ভরশীল লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান এবং দেশের বড় একটি অংশের রপ্তানি-আয়। রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক-অসন্তোষ কিংবা পরিবহনব্যবস্থায় বিঘ্ন ঘটলে কারখানার উৎপাদন ও পণ্যসরবরাহ বাধাগ্রস্ত হবে। বর্তমানে শ্রমিক-অন্তোষ চলমান রয়েছে। চলমান রাজনৈতি অস্থিরতার সঙ্গে এ অস্থিরতা যুক্ত হলে সমস্যা আরও প্রকট হওয়ার শঙ্কা তৈরি হবে।

পাশাপাশি বিদেশি ক্রেতারা সময়মতো পণ্য-সরবরাহ না পেলে বিকল্প বাজারের দিকে ঝুঁকতে পারেন। এমনটি হলে নতুন রপ্তানি আদেশ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। শুধু পোশাক নয়, বস্ত্র, চামড়া, পাট ও অন্যান্য রপ্তানিমুখী শিল্পেও এর প্রভাব পড়তে পারে।

২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি-আয় ৬ শতাংশ বেড়েছে, তবে এ প্রবৃদ্ধি কাক্সিক্ষত মাত্রার তুলনায় দুর্বল বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, শ্রমিকদের বেতন নির্ধারণ করা হলেও এখনো অসন্তোষ কমেনি। তাদের আন্দোলন দীর্ঘায়িত হলে রপ্তানি খাতের এ ইতিবাচক প্রবণতাও বাধাগ্রস্ত হবে।

অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, শ্রমিক-অসন্তোষ কোনো দেশের জন্যই ইতিবাচক বার্তা বয়ে আনে না। বিশেষ করে এ ধরনের অসন্তোষ দীর্ঘস্থায়ী হলে তা শিল্পের উৎপাদন ও স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে, যা সামগ্রিক শিল্প খাতের জন্য মোটেও সুখকর নয়। এর নেতিবাচক প্রভাব পড়ে দেশের রপ্তানি-আয়ের ওপরও। আর রপ্তানি-আয় ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতি ও সামগ্রিক প্রবৃদ্ধিতে প্রতিফলিত হয়। তাই শ্রমিক-অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা ও কার্যকরী উদ্যোগ অত্যন্ত জরুরি।

রাজনৈতিক অস্থিরতা দীর্ঘায়িত হলে বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হবে। বিদেশি বিনিয়োগ কমে যাওয়া কিংবা রপ্তানি-আয় বাধাগ্রস্ত হলে বৈদেশিক মুদ্রার সরবরাহে চাপ বাড়তে পারে। তবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে কিছু ইতিবাচক দিকও রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স-প্রবাহ ১৩ শতাংশ বেড়েছে। একই সময়ে আমদানি-ব্যয়ও বেড়েছে। ফলে বৈদেশিক মুদ্রার প্রবাহে উন্নতি হলেও সামগ্রিক পরিস্থিতিকে পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা চাপে রয়েছে। যদিও তা ধীরে ধীরে কমে আসার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু তা এখনো সহনীয় পর্যায়ে আসেনি। সর্বশেষ তথ্যানুয়ায়ী অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ, সেপ্টেম্বরে যা ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। এটা অবশ্যই ইতিবাচক। তবে দেশে কোনো অস্থিরতা থাকলে এ অবস্থা বিরাজমান না থাকার শঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে পণ্যসরবরাহে নতুন করে বাধা তৈরি হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে উঠতে পারে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে সীমিত আয়ের মানুষ, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো।

বাংলাদেশের অর্থনীতির আরেকটি বড় দুর্বলতা ব্যাংকিং খাত। খেলাপি ঋণ, তারল্য সংকট, সুশাসনের ঘাটতি ও ঋণ-আদায়ে দুর্বলতা এ খাতের ওপর দীর্ঘদিন ধরে চাপ তৈরি করছে। বিশ্বব্যাংকের ২০২৬ সালের অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হিসাব অনুয়ায়ী ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার বেড়ে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের বছরের শেষ প্রান্তিকের ৩০ দশমিক ৬ শতাংশের চেয়ে বেশি।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, রাজনৈতিক পরিস্থিতির প্রভাব অর্থনীতির ওপর পড়ে। তবে ছোটখাটো রাজনৈতিক ঘটনা অস্থিরতাকে তেমন প্রভাবিত করে না। কিন্তু এসব ঘটনা বড় আকার ধারণ করলে অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হয়। এখানে কে বা কারা এসব ঘটনা ঘটাচ্ছে, সেটি মুখ্য বিষয় নয়; বরং ঘটনাগুলো ঘটছে, এটাই উদ্বেগের বিষয়।

তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর উৎপাদন, বিনিয়োগসহ অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো কেটে যাবে বলে আশা ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। ব্যাংকিং খাতে এখনো নানা সমস্যা রয়েছে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলার চেষ্টা চলছে। তবে এসব সমস্যার এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।

জাহিদ হোসেন বলেন, বিভিন্ন কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এর মধ্যে ইরান যুদ্ধ একটি বড় কারণ। অন্যদিকে, নতুন সরকারও সবকিছু গুছিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় পায়নি। এরই মধ্যে নানা ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং মানুষের আকাক্সক্ষার চাপও বেড়েছে। এর মধ্যে ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক অস্থিরতাকে আরও ঘনীভূত করছে। সব মিলিয়ে বিদ্যমান সংকটের মধ্যে এটি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।

 সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসায়িক কর্মকান্ডে ধীরগতি তৈরি হলে ঋণগ্রহীতাদের আয় কমে যেতে পারে। এতে ঋণ-পরিশোধের সক্ষমতা আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাংকগুলোও নতুন ঋণ-বিতরণে সতর্ক হতে পারে। ফলে শিল্প ও ব্যবসা খাতে প্রয়োজনীয় অর্থায়ন বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে।

বিশ্বব্যাংকের গত ৬ অক্টোবর প্রকাশিত বাংলাদেশ উন্নয়ন প্রতিবেদনে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৪ শতাংশ করা হয়েছে। একই প্রতিবেদনে বিনিয়োগের দুর্বলতা, রপ্তানির গতি কমে যাওয়া, উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতের ঝুঁকিকে অর্থনীতির গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন দেশ রূপান্তরকে বলেন, বাংলাদেশের অর্থনীতি এমনিতেই দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানের সংকট এবং ব্যাংক খাতের দুর্বলতার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে যদি রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়, তাহলে অর্থনীতির ওপর চাপ আরও বাড়বে। উৎপাদন ও সরবরাহব্যবস্থা ব্যাহত হলে ব্যবসার পরিচালন-ব্যয় বাড়বে। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত করতে পারেন। ফলে কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হবে।

আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হলে শিল্পের কাঁচামালের সরবরাহ এবং সময়মতো রপ্তানিপণ্য পাঠানো কঠিন হবে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা-সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক আয় কমলে ঋণ-পরিশোধের সক্ষমতাও কমবে। পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটলে মূল্যস্ফীতির চাপ বাড়বে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। তাই অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ সর্বাধিক পঠিত