মিরপুর ও সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুরের কালশী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে যাত্রীবেশে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। উভয় ঘটনায় যাত্রী ও চালক-সহকারীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত ১১টার দিকে রাজধানীর পল্লবী থানাধীন কালশী এলাকায় যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা একটি বাসের পেছনের আসনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসের পেছনের আসনে বসেছিল। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাসের জানালা দিয়ে নেমে পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, আগুন লাগার পর বাসের চালক ও হেলপার সেখান থেকে সরে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে বাসটির ১০টি আসন পুড়ে গেছে।

অন্যদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে সানারপাড় ও মৌচাক এলাকার মধ্যবর্তী ঢাকামুখী লেনে মেঘলা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানা গেছে। 

তবে বাসে থাকা চালক, সহকারী ও প্রায় ১৬ জন যাত্রী দ্রুত নেমে যেতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসে থাকা এক যাত্রী জানান, মেঘলা পরিবহনের একটি বাস গাউছিয়া থেকে কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। দুই যুবক উঠে বাসের পেছনের দিকে চলে যান। এর দুই থেকে তিন মিনিট পর বাসের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবাই বাস থেকে নেমে যায়। আর ওই দুজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসের একেবারে পেছনের বাম পাশের কোণার একটি আসনে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত বাস থেকে নেমে যান।