বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে কাফরুলের প্রিন্স বাজারের সামনের সড়কে শ্রমিকদের আন্দোলন চলাকালে হাওয়া বেগম আহত হন। তিনি কাফরুলের মিরপুর-১৩ নম্বর সেকশনের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন।
হাওয়া বেগম জানান, বুধবার সকাল ৮টার দিকে তিনি কাজে যোগ দিতে কারখানায় যান। তবে শ্রমিকদের অনেকেই কাজে যোগ না দিয়ে আন্দোলনে অংশ নিতে রাস্তায় বেরিয়ে আসেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা শ্রমিকদের মারধর শুরু করেন বলে অভিযোগ করেন তিনি। পরে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়লে একটি রাবার বুলেট তার ডান হাতে লাগে।
আহত হওয়ার পর সহকর্মীরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাওয়ার হাতে একটি রাবার বুলেট লেগেছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি বের করার প্রক্রিয়া চলছে।
এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার এম/১৬ ঠিকানায় অবস্থিত লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, কারখানা দুটিতে প্রায় পাঁচ হাজার ১০০ শ্রমিক কাজ করেন।
অভিযোগ রয়েছে, এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে ওই কারখানাগুলোর শ্রমিকদেরও বের করে নিয়ে আসেন তারা। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর ধারাবাহিকতায় বেলা ১২টার দিকে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড মোড়েও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরে যাওয়ার জন্য বারবার মাইকিং করে। তবে শ্রমিকরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে দাবি পুলিশের।
মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার জাহিদ হাসান বলেন, শ্রমিকদের সড়ক অবরোধ না করা এবং জানমালের ক্ষতি না করার জন্য বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা পুলিশের কথা না শুনে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে আত্মরক্ষার্থে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
সড়কে কতজন শ্রমিক নেমেছিলেন, জানতে চাইলে তিনি বলেন, ২০০ থেকে ৫০০ জনের মতো শ্রমিক থাকতে পারেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা দ্বীন ইসলাম জানান, মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড মোড় থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে পুলিশ মূল সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। এ সময় অন্তত ১০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকরা সড়কের দুই পাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। ঘটনাস্থলে বিজিবি সদস্যদেরও মোতায়েন থাকতে দেখা যায়।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, বেশ কিছু শ্রমিক সড়কে নেমেছিলেন। তাদের ধাওয়া দিলে বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। পরে সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়।
দিনভর এসব ঘটনায় মিরপুর ও কাফরুল এলাকায় যান চলাচল এবং স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটে।