চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শুরু

দীর্ঘ প্রায় আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারের ১৩৫টিসহ দেশের পাঁচ জেলার ২০ উপজেলায় অবস্থিত ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

শনিবার সকালে মৌলভীবাজারের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন চা শ্রমিকরা। এবারের নির্বাচনে দেশের ২৩০টি চা বাগানের ১ লাখ ৫৩ জন শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় শ্রমিকদের মধ্যে এবার বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।

এবার কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর দুটি এবং সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

সভাপতিমণ্ডলীর প্যানেল-১ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের পংকজ কন্দ। কার্যকরী সভাপতি পদে কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের নির্মল পাইনকা, সহসভাপতি পদে রাজনগরের ইটা চা বাগানের জেসমিন আক্তার এবং নারী সহসভাপতি পদে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের সুভদ্রা মুন্ডা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, সভাপতিমণ্ডলীর প্যানেল-২ থেকে সভাপতি পদে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা, কার্যকরী সভাপতি পদে মৌলভীবাজারের কুলাউড়ার লংলা চা বাগানের মিঠুন কালোয়ার, সহসভাপতি পদে শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের মিঠুন সিং রাউতিয়া-২ এবং নারী সহসভাপতি পদে একই উপজেলার ডিনস্টন (খেজুরীছড়া) চা বাগানের শিমুল কর্মকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পাদকমণ্ডলীর প্যানেল-১ থেকে সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের নিপেন পাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের এস এম হারুনুর রশিদ, নারী সহসাধারণ সম্পাদক পদে শ্রীমঙ্গলের ডিনস্টন (খেজুরীছড়া) চা বাগানের রেখা বাকতি এবং অর্থ সম্পাদক পদে একই বাগানের অমর গোয়ালা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্যানেল-২ থেকে সাধারণ সম্পাদক পদে চুনারুঘাটের আমু চা বাগানের মকেশ কর্মকার লড়ছেন। এ প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানের সনজয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক পদে শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগানের সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক পদে জুড়ীর রাজকী চা বাগানের সনত গোয়ালা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, সম্পাদকমণ্ডলীর প্যানেল-৩ থেকে সাধারণ সম্পাদক পদে শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের পরেশ কালেন্দি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমলগঞ্জের মিরতিংগা চা বাগানের ধনা বাউরী, নারী সহসাধারণ সম্পাদক পদে কুলাউড়ার মুরইছড়া চা বাগানের বিন্দা রাণী গোয়ালা এবং অর্থ সম্পাদক পদে হবিগঞ্জের চুনারুঘাটের লস্করপুর চা বাগানের স্বপন গোয়ালা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে এসব প্যানেল থেকে নির্বাচিতদের সঙ্গে দেশের চা-শিল্পাঞ্চলের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জনকে অন্তর্ভুক্ত করে ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।

একই দিনে দেশের সাতটি ভ্যালি কমিটি এবং ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে সারা দেশে প্রায় ৬২০টি প্রতিদ্বন্দ্বী প্যানেলে সাত হাজারের বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।