নড়াইলে গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক নিহত

নড়াইলে গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক ইকরামুল মোল্যা নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নড়াইলের মাইজপাড়া-পোড়াডাঙ্গা-ধলগা সড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরামুল মোল্যা (৪০) যশোরের বাঘারপাড়ার বহরমপুর গ্রামের মৃত আবুবক্কর মোল্যার ছেলে।

বহরারমপুর গ্রামের বাসিন্দা সাকিল আহম্মেদ জানান, ইকরামুল শনিবার সকালে পাশ্বর্বর্তী খলসি গ্রামের শওকতের বাড়ি থেকে দুটি গরু নিয়ে ট্রলিযোগে তার মেয়ে বাড়ি নড়াইল পৌরসভার গাড়ুচিরায় যাচ্ছিলেন। পথে নড়াইল সদরের হোসেনপুর এলাকায় একটি মোড়ে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ইকরামুলকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মেজবাহ আহম্মেদ শাওন জানান, হাসপাতালে আনার বেশ আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।