নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক ধান কাটার শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছায়মানার-চর গ্রামের হাসান মৌলভী ও একই বংশের দাউদ মোল্যার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমি হাসান মৌলভীর দখলে থাকায় তিনি সেখানে আমন ধান চাষ করেন। শুক্রবার সকালে হাসান মৌলভীর পরিবারের সদস্যরা কয়েকজন শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে যান। এ সময় দাউদ মোল্যার লোকজন সেখানে গিয়ে ধান কাটতে বাধা দেন এবং শ্রমিকদের ওপর হামলা চালান।
একপর্যায়ে শ্রমিকরা জমি থেকে পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে ফরহাদ মোল্যাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাজারের এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
নিহতের স্ত্রী মোছা. আলিছা বলেন, সংসারের অভাব-অনটন দূর করতে কিছু টাকা আয়ের আশায় সকালে শ্রমিকের কাজে গিয়েছিলেন তাঁর স্বামী। এভাবে তাঁকে মেরে ফেলা হবে, তা তিনি কখনো ভাবেননি। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে ঢাকায় থাকেন, আর মেয়েটি ছোট। এখন সংসারের দায়িত্ব কে নেবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি ছিল। ওই জমির ধান কাটাকে কেন্দ্র করে শ্রমিক ফরহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে এসেছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের উপযুক্ত বিচার হওয়া উচিত। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে যাতে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য তিনি এলাকায় এসেছেন।
এদিকে হত্যাকাণ্ডের পর নিহতের স্বজনরা অভিযুক্ত ব্যক্তিদের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছেন।