নড়াইলে নদী থেকে সেই কিশোরের মরদেহ উদ্ধার  

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

নড়াইলে নিখোঁজের ৩দিন পর কিশোর ওসমান মোল্যার (১৫) গলিত মরদেহ চিত্রা নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে কালিয়া উপজেলার শীতলবাটি এলাকায় চিত্রা নদীর ত্রি-মোহনী থেকে মরদেহটি উদ্ধার করে বড়দিয়া নৌ-পুলিশের একটি দল।

পুলিশ জানায়, গত বুধবার (২৫ নভেম্বর) সকালে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের শাহাবুদ্দিন ওরফে সাবু মোল্যার ছেলে ওসমান জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়।

স্থানীয়রা জানান, ওইদিন দুপুরের দিকে পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর মোড় থেকে ওসমান ও রিহাদ নামে দুই কিশোর ভ্যান চালককে যাত্রীবেশে ভাড়া করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রিহাদ পাশ্ববর্তী চাঁচুড়ি ইউনিয়নের সুমেরুখোলা গ্রামের আরব বিশ্বাসের ছেলে। ওইদিন সন্ধ্যার পরে গুরুতর আহত অবস্থায় পিরোলীস্থানে চিত্রা নদী থেকে রিহাদকে উদ্ধার করা হলেও ওসমানের কোন সন্ধান পাওয়ায় যায়নি। রিহাদ বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

ওসমান নিখোঁজের তিনদিন পর শনিবার দুপুরে পিরোলী ইউনিয়নের শীতলবাটি চিত্রা নদীর ত্রি-মোহনীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা বড়দিয়া নৌ-পুলিশকে খবর দেয়। খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিখোঁজ ওসমানের পরিবারের সদস্যরা ওই স্থানে আসে এবং ওসমানের মৃতদেহটি সনাক্ত করে। পরে বড়দিয়া নৌ-পুলিশের একটি টীম ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আল আমিন ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

  

 

সর্বশেষ সর্বাধিক পঠিত