রাজধানীর কুর্মিটোলায় ককটেল বিস্ফোরণ, যা জানা গেল

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, রাত ৮টা ৫ মিনিটের দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডের সামনের পাকা রাস্তার ওপর দুর্বৃত্তরা একটি ককটেলসাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ইতোমধ্যে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে রাজধানীর হাতিরঝিলে প্রকাশ্যে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের অফিসে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় গুলির এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা ইন্টারনেট অফিসটিতে ঢুকে এক রাউন্ড গুলি চালায়। তবে কী কারণে গুলির এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

অন্যদিকে রাজধানীর মিরপুর-১০ নম্বরে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ নম্বরের বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে যাত্রীবাহী ওই বাসটিতে আগুন দেয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।