রংপুরে গ্রাহক শোষণ ও ভোগান্তির গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে আগামীকাল সোমবার নগরীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। অন্য দফাগুলো হলো পূর্বের পোস্ট পেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদু্যুৎসেবা প্রদান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ।
গতকাল শনিবার বিকেলে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। এদিকে হরতাল সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং এবং মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা দলের স্বার্থে নয়। আপামর বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে। পেশিশক্তি কিংবা জবরদস্তি নয়, জনগণের নৈতিক সমর্থন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে এই হরতাল সফল করা হবে।