রাজধানীর কোলাহল আর ব্যস্ত নগরজীবনের মধ্যে হাতিরঝিলের পানিতে দেখা গেল ঢাকঢোল আর মাঝিদের বৈঠার ছন্দে জমে ওঠা ঐতিহ্যবাহী নৌকাবাইচ। নদীনির্ভর বাংলার এই লোকজ আয়োজন দেখতে হাতিরঝিলের দুই পাড়ে ভিড় করেন নানা বয়সী মানুষ। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিকেল ৩টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্ত থেকে প্রতিযোগিতা শুরু হয়। সেখান থেকে নৌকাগুলো এফডিসি প্রান্ত ঘুরে আবার শুরুর স্থানে ফিরে আসে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকাগুলোর নাম ছিল পদ্মা, মেঘনা, যমুনা, কালীগঙ্গা, কর্ণফুলী, সুরমা, বালু নদী, তিস্তা, ইছামতী ও তুরাগ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোকে পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপ থেকে মেঘনা ও পদ্মা এবং দ্বিতীয় গ্রুপ থেকে সুরমা ও যমুনা বিজয়ী হয়। দুই পর্বের চারটি বিজয়ী নৌকার প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হয়।