অনিয়ম খুঁজতে গিয়ে প্রভাবশালীদের বাধায় পড়তে হচ্ছে : অর্থমন্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বীমা খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পর থেকেই প্রভাবশালী মহলের বাধার মুখে পড়তে হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, বীমা কোম্পানির সঙ্গে যোগসাজশ করে হাজার কোটি টাকার পণ্য আমদানি করা হলেও সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে বীমার প্রিমিয়াম জমা না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শেয়ারহোল্ডাররা।

গতকাল শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) লেনদেনের তথ্য আদান-প্রদানের জন্য তৈরি প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানসহ বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, আমদানির জন্য এলসি (ঋণপত্র) খোলার সময় ২০ লাখ টাকার প্রিমিয়ামের বিপরীতে বীমা কোম্পানির কাছ থেকে কাভারনোট নেওয়া হয়। কিন্তু পণ্য দেশে পৌঁছানোর পর প্রিমিয়াম পরিশোধ না করেই সেই কাভারনোট ছিঁড়ে ফেলা হচ্ছে। বীমা কোম্পানির সঙ্গে যোগসাজশে এভাবে হাজার কোটি টাকার পণ্য আমদানি হলেও সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। বীমার অর্থ জমা হচ্ছে না, ক্ষতির মুখে পড়ছেন সাধারণ শেয়ারহোল্ডাররা উল্লেখ করে তিনি বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাওয়ার পর থেকেই প্রভাবশালী মহল বাধা সৃষ্টি করছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং পুঁজিবাজারের মধ্যে কার্যকর আন্তঃসংযোগ না থাকলে ব্যবসার ব্যয় কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজস্ব ফাঁকি বন্ধ করা কঠিন হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, স্বচ্ছতা বৃদ্ধি এবং ব্যবসার খরচ কমিয়ে স্থানীয় মূল্য সংযোজন বাড়াতে ডিজিটাল আন্তঃসংযোগের বিকল্প নেই।

অর্থমন্ত্রী বলেন, প্রতিটি লেনদেনে তাৎক্ষণিক নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর মাধ্যমে সময়ের পাশাপাশি ব্যবসার ব্যয়ও কমানো সম্ভব হবে। শুধু একটি খাতের খরচ কমিয়ে সামগ্রিকভাবে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, এ কারণে এনবিআরের লেনদেন ব্যবস্থার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক, বীমা খাত ও বন্দর ব্যবস্থাপনাকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বীমা খাতের দুরবস্থা তুলে ধরে মন্ত্রী বলেন, অনেক বীমা কোম্পানি গ্রাহকদের দাবি বা ক্লেইমের অর্থ পরিশোধ না করে সেই অর্থ দিয়ে নিজেদের সম্পত্তি কিনছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ব্যক্তিগত বিনিয়োগেও অর্থ ব্যবহার করা হচ্ছে।

রাজস্ব আহরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পর্যাপ্ত রাজস্ব আদায় করা না গেলে দেশের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা সম্ভব হবে না। এ পরিস্থিতি মোকাবিলায় এলসি ও বীমা-সংক্রান্ত জালিয়াতি এবং ব্যাক-টু-ব্যাক এলসির অনিয়ম বন্ধে বাংলাদেশ ব্যাংক ও আইডিআরএ-কে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পুঁজিবাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠার বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউজগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত