চায়ের রাজধানী মৌলভীবাজার শহর থেকে শ্রীমঙ্গলমুখী সড়কে ৯ কিলোমিটার এগোলেই ভৈরববাজার। এখান থেকে মাজদিহী-মিরতিংগা সড়ক ধরে সবুজ চা বাগান ও পাহাড়ের বুক চিরে আরও ৮ কিলোমিটার সামনে কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগান। বাগানের কারখানা ছাড়িয়ে ডানদিকের সরু পাহাড়ি পথ বেয়ে প্রায় ৫০০ ফুট ওপরে উঠলেই দেখা মিলবে শতাব্দীপ্রাচীন এক ব্রিটিশ বাংলোর ধ্বংসাবশেষ। মূল বাংলোটি ধসে গেলেও কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে এর সিঁড়ি ও বিশাল মেঝে, যা স্থানীয়দের কাছে ‘ভূত বাংলা’ বা ‘টিলা বাংলা’ নামে পরিচিত।
এই টিলার চূড়ায় দাঁড়ালে চারপাশের অবারিত সৌন্দর্য চোখ জুড়িয়ে দেয়। পূর্বে ভারতের পাহাড় ও নদী, উত্তরে মৌলভীবাজার শহর, দক্ষিণে শ্রীমঙ্গল এবং পশ্চিমে মিরতিংগা বাগানের মাইলের পর মাইল সবুজ গালিচা। নয়নাভিরাম এই দৃশ্যের কারণে স্থানীয়রা জায়গাটিকে ভালোবেসে ‘গরিবের সাজেক’ বলেন। দেউন্দি টি কোম্পানির মালিকানাধীন এই বাগানটি প্রকৃতি ও ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন।
জানা যায়, দেউন্দি টি কোম্পানি প্রতিষ্ঠিত হয় আজ থেকে ১০৮ বছর আগে ১৯১৮ সালে। কোম্পানির মিরতিংগা চা বাগানটি কোম্পানি প্রতিষ্ঠার সঙ্গেই প্রতিষ্ঠিত। সেই সময়ে বাগান ব্যবস্থাপক ও তার পরিবারের বসবাসের জন্য তৈরি করা হয়েছিল সুউচ্চ টিলার ওপরে একটি বাংলো। কালের পরিক্রমায় এ বাংলোটি এখন আর নেই। ইতিহাসের সাক্ষী হিসেবে বাংলোটির ফ্লোর আর সিঁড়িগুলো টিকে আছে। আর এটিই বর্তমানে হয়ে উঠেছে মৌলভীবাজার জেলার অন্যতম পর্যটন স্পট। প্রতিদিন অসংখ্য পর্যটক ও দর্শনার্থী মিরতিংগা চা বাগানের অপরূপ সৌন্দর্য ও ব্রিটিশ বাংলোটি দেখতে আসেন।
সম্প্রতি সিলেটের একটি সরকারি কলেজের শিক্ষার্থী নাজিয়া রহমান পরিবারের সঙ্গে এসেছিলেন মিরতিংগা চা বাগানের ব্রিটিশ বাংলোয়। আলাপকালে তিনি বলেন, ‘আমরা যারা সাজেকে ইচ্ছে থাকলেও যেতে পারি না তাদের জন্য এ স্থানটিই গরিবের সাজেক। বিকেল বা সন্ধ্যাবেলা এখানে এলে ইউটিউবে সাজেকের যে ভিডিও দেখেছি তেমনি একটা ফিল পাওয়া যায়। আমি গত বছর পরিবারের সঙ্গে এসেছিলাম। এবারও এলাম। এখানে এলে মনে আনন্দের হিল্লোল বয়ে যায়।’
বাংলাদেশ চা জনগোষ্ঠী যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন মিয়া বলেন, ‘আমি শ্রীমঙ্গলের জঙ্গলবাড়ি চা বাগানের বাসিন্দা। মাঝেমধ্যে সাংগঠনিক কাজে মিরতিংগা চা বাগানে আসি। এ বাগানে এসে কাজের ফাঁকে একবার করে হলেও ব্রিটিশ বাংলো ঘুরে যাই। ভালো লাগে এখানে। ভঙ্গুর বাংলোটির চারপাশের এমন প্রাকৃতিক দৃশ্য সিলেটর আর কোনো বাগানে নেই।’
মিরতিংগা চা বাগানের শ্রমিক সন্তান রনি দাস বলেন, ‘ছোটবেলা থেকেই শুনে আসছি এটির নাম ব্রিটিশ বাংলো। যখন বাগান প্রতিষ্ঠিত হয় তখন এ বড় সাহেবের জন্য বাংলোটি তৈরি করা হয়েছিল। এক সময় বাংলোটি বসবাসের অনুপযোগী হয়ে পড়লে অন্যত্র বাংলো তৈরি করে বড় সাহেব ও তার পরিবারকে স্থানান্তর করা হয়। পরে পুরো বাংলোটি ধসে গেলেও সৌন্দর্যের ডালি ছড়িয়ে শত শত পর্যটকের মনে দোলা দিচ্ছে এ স্থানটি।’
মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক বলেন, ‘প্রায় শতবর্ষ আগে আমাদের চা বাগান প্রতিষ্ঠার পর তৎকালীন ব্রিটিশ বড় সাহেবের পরিবারের বসবাসের জন্য বাংলো তৈরি করা হয়েছিল। এক সময় বাংলোটি পুরনো হলে ব্রিটিশ সাহেব অন্যত্র বাংলো তৈরি করে চলে গিয়েছিলেন। তখন বাংলোটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। পরে ভাঙতে ভাঙতে এবং প্রচ- ঝড়ে বাংলোটি ধসে যায়। তবে এটির মোজাইক করা ফ্লোর ও দুইপাশে দুই সিঁড়ি এখনো সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছে। এছাড়া যে টিলায় বাংলোটি ছিল সে টিলার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এখনো মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে। দেশ-বিদেশের অনেকে এখানে আসেন এটি দেখতে।’