মুন্সীগঞ্জে গোলাগুলিতে নিখোঁজ আলমগীরের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ২ দিন পর নিখোঁজ আলমগীর দালালের (৪০) মরদেহ মেঘনা শাখা নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শনিবার সকালে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রাম-সংলগ্ন নদীতে ওই মরদেহ উদ্ধার করে। এ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘাতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে। নিহত আলমগীর দালাল চরডুমুরিয়া গ্রামের নান্নু দালালের ছেলে।

গত বৃহস্পতিবার সকালে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স প্রবাসী বিএনপিকর্মী রহিম মোল্লার অনুসারী দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে মো. সেলিম (৩৫) নামে একজন নিহত ও গুলিবিদ্ধসহ ৫ জন আহত হন। ওই দিন সকাল ৯টার দিকে গোলাগুলির একপর্যায়ে নিজের প্রাণ বাঁচাতে মেঘনা শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আলমগীর দালাল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আলমগীরের সন্ধানে বৃহস্পতিবার দুপুর থেকে মেঘনা শাখা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। গত শুক্রবার দুদিনেও তার খোঁজ পাওয়া যায়নি।