ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারটি যানবাহনের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর আটজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে মহাসড়কের চান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, চট্টগ্রামমুখী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস। কিছুক্ষণ পর বাসটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। সবশেষে একই অভিমুখে চলাচলকারী একটি মাইক্রোবাসও ওই বাসের পেছনে ধাক্কা দেয়।
 
তিনি বলেন, চলন্ত অবস্থায় গাড়িগুলোর মধ্যে দূরত্ব কম থাকায় একটি গাড়ির সঙ্গে আরেকটির সংঘর্ষ হয়। প্রথমে লরির পেছনে বাসটির ধাক্কা লাগার পর পেছনের গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে একে একে দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।
 
দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। তারা দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
 
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক রানা জানান, আহত ব্যক্তিদের হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ নিহত হননি।