নোয়াখালীতে ২৮৮ টন সুপারিসহ ২৫ পাচারকারী আটক

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে হাতিয়া থানার লাল বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় সুপারি বহনকারী তিনটি বোটে তল্লাশি চালানো হয়।

শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৮ লাখ টাকা। এ ঘটনায় ২৫ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা সুপারি ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অবৈধ চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।