হাতিয়ায় ৬০ কোটি টাকার নদীভাঙন রোধ প্রকল্পের কাজ চলছে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুই নম্বর চানন্দি ইউনিয়নে ভয়াবহ নদীভাঙন রোধে বিশ্বব্যাংকের অর্থায়নে ৬০ কোটি টাকার নদীভাঙ্গন রোধের কাজ চলমান রয়েছে। বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে চানন্দি ইউনিয়নের থানার হাট থেকে লালপোল পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকাকে নদীভাঙনের হাত থেকে রক্ষার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডাব্লিওডিবি)।

প্রকল্পের আওতায় ইতোমধ্যে প্রথম দফায় থানারহাট থেকে দরবেশ বাজার পর্যন্ত প্রথম তিন কিলোমিটার পর্যন্ত জিওব্যাগ ড্যাম্পিংএর কাজ চলছে। নোয়াখালী পানি উন্নয়ন  বোর্ড (বিডাব্লিওডি) সূত্র আরো জানায়, এ প্রকল্পের দ্বিতীয় অংশের দরবেশ বাজার থেকে লালপোল পর্যন্ত তিন কিলোমিটার কাজের টেন্ডারের কাজও প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পের আওতায় লক্ষাধিক জিওব্যাগ ও জিওসিমেন্ট ব্যবহার করে এ এলাকায় নদীভাঙ্গন প্রতিরোধমূলক কাজ বাস্তবায়ন করা হবে। 

প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়িত হলে ভয়াবহ নদীভাঙ্গন কবলিত চানন্দি ইউনিয়নের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা নদীভাঙনের ঝুঁকি থেকে সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, এ এলাকায় দীর্ঘমেয়াদী ও টেকসই নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্লকবাঁধ নির্মাণের জন্য স্থানীয় সাংসদ হান্নান মাসউদ প্রস্তাবনাও সংশ্লিষ্ট দফতরের বিবেচনাধীন রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদন পাওয়া গেলে ভবিষ্যতে সেখানে স্থায়ী ব্লকবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
বর্তমানে চলমান প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে ভাঙ্গনকবলিত চানন্দি ইউনিয়নের উপকূলীয় জনপদ, বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা  সাময়িকভাবে নদীভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাবে।

চলমান  প্রকল্পের কাজ দেখভালের দায়িত্বপ্রাপ্ত নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসএই) কামরুল হাসান শুক্রবার (২৭ নভেম্বর) দেশ রূপান্তরকে জানান, হাতিয়ার চানন্দি ইউনিয়নের নদী-ভাঙ্গন রোধ প্রকল্পটির কাজ গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুরু হয়। এ পর্যন্ত প্রকল্পের  প্রায় ৩০ শতাংশ  কাজ শেষ হয়েছে। জিওব্যাগ ডাম্পিং এর চলমান কাজ শেষ হলে জিওসিমেন্ট দিয়ে ফিনিশিং করা হবে। আশা করা যায় নির্ধারিত সময়ে কাজ শেষ হবে'।

সর্বশেষ সর্বাধিক পঠিত