দেশের পাঁচ জেলার ২০ উপজেলার ২৩০ চা বাগানের লক্ষাধিক ভোটে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে রাজু গোয়ালা ও সম্পাদক পদে মুকেশ কর্মকার বিজয়ী হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়।
দীর্ঘ ৮ বছর পর শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
প্রাপ্ত বেসরকারি ফলাফলে সভাপতি পদে সিলেটের সদর উপজেলার লাক্কাতুরা চা বাগানের শ্রমিক রাজু গোয়ালা (কাপ-পিরিচ) ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের শ্রমিক পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
জেলাওয়ারী ফলাফল অনুযায়ী, সিলেট জেলায় রাজু প্যানেল পেয়েছেন ৭ হাজার ৭৭ ভোট, পংকজ প্যানেল পেয়েছেন ৭০৩ ভোট। মৌলভীবাজার জেলায় রাজু প্যানেল পেয়েছেন ৩৬ হাজার ৩৪৩ ভোট, পংকজ প্যানেল পেয়েছেন ১৬ হাজার ৯৪১ ভোট। হবিগঞ্জ জেলায় রাজু প্যানেল পেয়েছেন ১২ হাজার ২৭০ ভোট, পংকজ প্যানেল পেয়েছেন ৬ হাজার ৪৫৫ ভোট। চট্টগ্রাম জেলায় রাজু প্যানেল পেয়েছেন ৬ হাজার ৯০ ভোট, পংকজ প্যানেল পেয়েছেন ২ হাজার ১৯০ ভোট। রাঙামাটি জেলায় রাজু প্যানেল পেয়েছেন ২৩ ভোট, পংকজ প্যানেল পেয়েছেন ১ ভোট।
সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের শ্রমিক মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের শ্রমিক পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট। এ পদের অপর প্রার্থী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের শ্রমিক নিপেন পাল (মোরগ) পেয়েছেন ২৩ হাজার ২০৩ ভোট।
জেলাওয়ারী ফলাফলে সিলেট জেলায় মুকেশ প্যানেল পেয়েছেন ৩ হাজার ২৫৩ ভোট, পরেশ প্যানেল পেয়েছেন ২ হাজার ৮৯৭ ভোট ও নিপেন প্যানেল পেয়েছেন ১ হাজার ২৪৮ ভোট। মৌলভীবাজার জেলায় মুকেশ প্যানেল পেয়েছেন ২২ হাজার ১৭৭ ভোট, পরেশ প্যানেল পেয়েছেন ১৭ হাজার ৭৫৪ ভোট ও নিপেন প্যানেল পেয়েছেন ১২ হাজার ৯২১ ভোট। হবিগঞ্জ জেলায় মুকেশ প্যানেল পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট, পরেশ প্যানেল পেয়েছেন ৬ হাজার ২৮৬ ভোট ও নিপেন প্যানেল পেয়েছেন ৬ হাজার ৯৪৮ ভোট। চট্টগ্রাম জেলায় মুকেশ প্যানেল পেয়েছেন ২ হাজার ৬২৪ ভোট, পরেশ প্যানেল পেয়েছেন ৩ হাজার ৩৯৫ ভোট ও নিপেন প্যানেল পেয়েছেন ২ হাজার ৬৭ ভোট। রাঙামাটি জেলায় মুকেশ প্যানেল পেয়েছেন ৩ ভোট, পরেশ প্যানেল পেয়েছেন ১ ভোট ও নিপেন প্যানেল পেয়েছেন ১৯ ভোট।
এছাড়াও মৌলভীবাজার জেলার ১৩৫টি বাগানসহ সারাদেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে আমাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও আমরা শক্ত ভূমিকা রাখবো।