ভোলায় মাদরাসার দুই শিক্ষার্থী নিখোঁজ

ভোলায় মাদরাসার বিরতির পর নিখোঁজ হয়েছে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দুই দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্তানদের সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ দুই শিক্ষার্থীকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছেন অভিভাবকেরা।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো— আবিয়ান (১৩) ও জাওয়াদ (১৫)। তারা দুজনই ভোলার আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্সের হেফজ বিভাগের শিক্ষার্থী।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আবিয়ানের বাবার নাম মো. কামাল এবং মায়ের নাম লাইজু বেগম। তাদের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। অপর শিক্ষার্থী জাওয়াদের বাবার নাম জামাল উদ্দিন এবং মায়ের নাম উম্মে কুলসুম। তার বাড়ি ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর চরনোয়াবাদ এলাকার আলিয়া মাদরাসা সড়কে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রতিষ্ঠানে বিরতি দেওয়া হয়। বিরতির পর দুই শিক্ষার্থী আর শ্রেণিকক্ষে ফিরে আসেনি। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি। সন্তানদের ফিরে পেতে অভিভাবকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমের মাধ্যমে সহযোগিতা কামনা করছেন। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানিয়েছেন অভিভাবকেরা।

এ বিষয়ে আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্সের শিক্ষক হাফেজ মাওলানা মোজাম্মেল হক বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকেও নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজ করা হচ্ছে। জাওয়াদ তার বাবার বিরুদ্ধে একটি লিখিত আবেদন রেখে গেছে। সেখানে সে লিখেছে, পাঁচ বছর পর প্রতিষ্ঠানে ফিরে এসে আবেদনটি দেখাবে।

এদিকে দুই শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন তাদের পরিবার। কেউ তাদের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন অভিভাবকেরা।