ভোলার লালমোহনে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ উপলক্ষে আয়োজিত সভা থেকে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতারা।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দলের স্বার্থে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো সংকটময় পরিস্থিতিতে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে। একই সঙ্গে কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের সামনের একটি পান দোকানের বেশ কিছু অংশ পুড়ে যায়।