বাংলা ভাষার অ্যাপ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২২ পিএম

মায়ের ভাষা বাংলাকে সবার কাছে আরও বেশি সহজ এবং ব্যবহার উপযোগী করে তুলতে রয়েছে বিভিন্ন জনপ্রিয় অ্যাপ। যা ভাষা শেখা, বার্তা আদান-প্রদান এবং ভাষা খোঁজার কাজে ব্যবহার হয়। বাংলা লেখার জন্য নিত্যনতুন অ্যাপ আছে। চলছে বাংলা ভাষাকে আরও প্রযুক্তিবান্ধব করার প্রচেষ্টা। লিখেছেন অনিন্দ্য শোভা

অভ্র : অনলাইনে বাংলা লেখালেখির জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে অমিক্রোনল্যাবের ডেভেলপ করা অভ্র। ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে অভ্র সংস্করণ পাওয়া যায়। জনপ্রিয় এই অ্যাপের আইওএস সংস্করণের পাশাপাশি ১০তম সংস্করণ পার করেছে। উচ্চারণ রীতিতে লিখতে সক্ষম প্রথম বাংলা সফটওয়্যার এটি। ম্যাক কম্পিউটারের স্বাচ্ছন্দ্যে  এটি কাজ করে।

রিদমিক কিবোর্ড : নিত্যদিন বিভিন্ন ভাষায় টাইপ করে বার্তা আদান-প্রদান করতে হয় মানুষের। বাংলাদেশিদের জন্য অন্তত বাংলা এবং ইংরেজি তো প্রতিদিনের প্রয়োজন। বাংলাদেশিদের জন্য ফ্রি এই অ্যাপটি খুব উপকারী। বাংলা এবং ইংরেজি সহজ এবং প্রাঞ্জলভাবে লিখতে পারা যায় এই অ্যাপে। বিশেষ করে বাংলা লেখা এবং বার্তা পাঠানোর জন্য এই কি-বোর্ড অ্যাপটি বেশ জনপ্রিয়।

বিজয় বাংলা : অ্যান্ড্রয়েড ও লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য হালনাগাদ সংস্করণ উপহার দিয়েছেন আনন্দ কম্পিউটার্সের প্রধান এবং বিজয় বাংলার রূপকার মোস্তাফা জব্বার। সমৃদ্ধির ধারাবাহিকতায় ঋদ্ধ হয়েছে বিজয় ফন্ট। ছাপা কাজে নান্দনিকতা দিতে স্পর্শ করেছে শতক ফন্টের মাইলফলক। ‘শিশুশিক্ষা-১’ ও ‘শিশুশিক্ষা-২’-এর ডিজিটাল সংস্করণ ছাড়াও ইন্টারনেটে শিশুশিক্ষাকে পরিবর্ধিত করতে নতুন ওয়েবসাইট-বিজয়ডিজিটাল.কম আত্মপ্রকাশ করেছে। শিশুশিক্ষায় বাংলা ভাষা ও প্রযুক্তির মেলবন্ধনে এভাবেই নানা উদ্যোগ বাস্তবায়ন করছেন তিনি।

হাতেখড়ি : স্মার্টফোন এখন সব বয়সের মানুষের কাছেই খুব জনপ্রিয়। এর মাধ্যমে শিশুরা বর্ণমালা শেখা, বর্ণ দিয়ে শব্দ ও বাক্য তৈরি; এমনকি হাতের লেখাও অনুশীলনও করতে পারছে। খেলছে অক্ষর নিয়ে। বর্ণগুলোর ওপর হাত ঘুরিয়ে হাতের লেখাও শিখতে পারছে। ছোটরা এই অ্যাপের মাধ্যমে মজার এবং ইন্টারেক্টিভ উপায়ে ভাষা শিখতে পারে। এ বিষয়ে সূর্যমুখীর প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হক জানান, আদর্শলিপিকে অনুসরণ করে প্রাক-স্কুল পর্যায়ের শিশুদের জন্য হাতেখড়ি অ্যাপ তৈরি করা হয়েছে। চারজনের টিম টানা এক বছর ধরে এটি ডেভেলপ করেছে।

সেই বই : বই প্রেমিকদের কাছে খুবই জনপ্রিয় একটি অ্যাপ সেই বই। মূলত এটি একটি ই-বুক রিডার। এখানে খুব সহজেই বিনামূল্যে বা অর্থের বিনিময়ে যেকোনো বই পড়া যায়। তাছাড়া এতে পাঠকদের সুবিধার্থে বিভিন্ন পাঠ উপযোগী ফিচার যুক্ত রয়েছে। বইয়ের যেকোনো জায়গায় বুকমার্ক, নোট এবং হাইলাইট তৈরি করা যায়। নিজের পছন্দমতো ফন্টের আকার, ফন্টের রং, পটভূমির রং এবং উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা যায়।

বাংলা ডিকশনারি : বহুল জনপ্রিয় বাংলা অ্যাপ বাংলা ডিকশনারি। এর মাধ্যমে বাংলা এবং ইংরেজি উভয় শব্দই খোঁজা যায়। এছাড়াও শেয়ারিং বিকল্প ব্যবহার করে সরাসরি ইন্টারনেট ব্রাউজার বা অন্য অ্যাপ্লিকেশন থেকে শব্দ অনুসন্ধান সম্ভাব। ইন্টারনেট সংযোগ ছাড়াও এই অ্যাপটি ব্যবহার করা যায়। এই অ্যাপে অটোসাজেশনের অপশন আছে তাই সম্পূর্ণ শব্দটি টাইপ করতে হয় না। এই অ্যাপে ভয়েজের মাধ্যমে অনুসন্ধানের অপশন আছে। বাংলা ডিকশনারিতে শব্দের অর্থ জানার পাশাপাশি প্রতিশব্দ এবং বিপরীত শব্দও অনুসন্ধান করা যায়।

ইজি বাংলা টাইপিং : খুবই জনপ্রিয় বাংলা লেখার অ্যাপ। এতে অভ্র ফোনেটিক স্টাইল ব্যবহার করে বাংলায় লেখা যায়। এই অ্যাপে কোনো আলাদা কি-বোর্ডের ব্যবহার করতে হয় না। এই অ্যাপের সাহায্যে খুব সহজেই যুক্তবর্ণ লেখা যায়।

বাংলা লিখি : মোবাইল ফোনে সহজে বাংলা লেখার অ্যাপ ‘বাংলা লিখি’। ফেসবুক, টুইটারেও বাংলা লেখা শেয়ার করা যায় এই অ্যাপের মাধ্যমে।

বাংলা মুড ডিটেক্টর : বাংলা লেখা বিশ্লেষণের মাধ্যমে সাধারণ মানুষের অভিব্যক্তি প্রকাশ করতে ‘বাংলা মুড ডিটেক্টর’ নামে বাংলাবান্ধব সফটওয়্যার উদ্ভাবন করা হয়েছে। বাংলা ভাষায় প্রকাশ করা মনের ছয় ধরনের অভিব্যক্তি প্রকাশ করতেই এই সফটওয়্যারটি তৈরি করছে তরুণ সফটওয়্যার প্রকৌশলী আমির মুনতাক গানিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত