এসব কোনো ‘রাজনীতি’ নয়

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২০ পিএম

১৯৪৮ সালের ৪ জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়ে ওঠে, জীবন-যৌবন উত্তাপের শুদ্ধ সংগঠন ছাত্রলীগ। প্রকাশ্য কথা ছিল শিক্ষা, শান্তি ও প্রগতি। ভদ্রতা-বিনয়, শিক্ষা-দীক্ষা, কর্মনিষ্ঠা- দেশপ্রেম ও সম্প্রীতির বন্ধনে যূথবদ্ধ হয়েছিলেন তারা। অথচ, কী দুর্ভাগ্যের বিষয় প্রতিষ্ঠার ৭৫ বছরের মাথায় সেই ছাত্রলীগ এখন নানামুখী বিতর্ক সৃষ্টি করছে। তাদের বর্তমান কর্মকা-, কোনোভাবেই ‘রাজনৈতিক’ হিসেবে আখ্যা দেওয়ার সুযোগ নেই। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের এমন রাজনৈতিক স্খলন, রাজনীতিসচেতন সবাইকে ব্যথিত করে, আতঙ্কিত করে, বিস্মিত করে।

গতকাল দেশ রূপান্তরে প্রকাশিত ‘নির্যাতন করে ভিডিও ভাইরালের হুমকি ছাত্রলীগ নেত্রীর’ শিরোনামের সংবাদের মাধ্যমে জানা যায়, ৭ ফেব্রুয়ারি নির্যাতনের শিকার ছাত্রী, ইসলামী বিশ^বিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলের একটি কক্ষে অতিথি হিসেবে অবস্থান করেন। পরে গত ১২ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে হলের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণের অভিযোগ করেন একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাবাসসুম ও ছাত্রলীগ নেত্রী অন্তরা। এরপর সন্ধ্যায় তাকে হল থেকে বের করে দেওয়ার দাবি জানান তারা। এ সময় হল প্রভোস্ট ও প্রোক্টরিয়াল বডির উপস্থিতিতে বিষয়টির মীমাংসা করা হয়। পরে রাতেই নবীন ওই শিক্ষার্থীকে ডেকে নেন ছাত্রলীগ নেত্রী অন্তরা ও তাবাসসুমসহ কয়েকজন। এ সময় তাকে বিভিন্ন হুমকি দেওয়া হয়। তাদের পা ধরে ক্ষমা চাইতে গেলে লাথি মারেন তারা। এ ছাড়া জোর করে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন এবং নির্যাতনের বিষয়ে কাউকে কিছু বললে ওই ভিডিও ছড়িয়ে (ভাইরাল) দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ছাড়াও নবীন এ শিক্ষার্থীকে দিয়ে ময়লা গ্লাস চেটে পরিষ্কার করানো হয়। এমন পরিস্থিতিতে ভয় পেয়ে পরদিন সোমবার সকালেই হল ছেড়ে বাসায় চলে যান। পরদিন মঙ্গলবার ক্যাম্পাসে এসে নির্যাতনের ঘটনা জানিয়ে বিচার চেয়ে প্রোক্টর, ছাত্রউপদেষ্টা ও সংশ্লিষ্ট হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় অধ্যাপক ড. আহসান উল আম্বিয়াকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শেখ হাসিনা হল প্রশাসন।

প্রকাশিত সংবাদে আরও জানা যায়, কিছুদিন আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) চার শিক্ষার্থীকে কলেজ ছাত্রাবাসে আটকে রেখে মারধরের অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। যাদের মধ্যে গুরুতর দুজনকে নিতে হয় আইসিইউতে। এ ঘটনার রেশ না কাটতেই এবার ইবিতে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠল।

এইভাবে ছাত্রলীগ কর্তৃক একের পর এক নির্যাতনের ঘটনা, ছাত্রসমাজে কী বার্তা দেয়? বিশ^বিদ্যালয় প্রশাসন, গতানুগতিক ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কী আসবে সেই তদন্তে? যারা অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন, তাদের কোনো বিচার হবে! সত্যি কথা বলতে কী বিশ্ববিদ্যালয় প্রশাসন আদৌ বিচার করার ‘ক্ষমতা’ রাখে ছাত্রলীগের বিরুদ্ধে? পারবেন তারা, দায়ী ছাত্রদের কোনো ধরনের শাস্তি দিতে! ছাত্রলীগের এত বেপরোয়া আচরণের, নেপথ্যে কারা আছেন আমরা জানি না। তবে এটা সবাই জানে, কোনোদিন এই ধরনের ঘটনার বিচার হয়নি। যদি কঠোর কোনো দৃষ্টান্ত রাখতে পারতেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা, তাহলে একের পর এক এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না।

এমনিতেই বর্তমানে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। সরকার পরিচালনায় যারা আছেন, তাদেরও যে বিষয়গুলো ভয়ংকর বিব্রত করে তা নেতাদের বোঝা উচিত। হল কর্তৃপক্ষ কী করবেন না করবেন এই আশায় বসে না থেকে, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের উচিত হবে, সাংগঠনিকভাবে কঠের ব্যবস্থা নেওয়া। তাদের এমন দৃষ্টান্ত স্থাপন করা উচিত ভবিষ্যতে যাতে কোনো ছাত্রলীগকর্মী উত্তেজনা, আবেগ বা হিংসার বশবর্তী হয়ে এমন কাজ না করতে পারেন। কোনোভাবেই এই ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলার সুযোগ নেই। মনে রাখা দরকার, চেয়ার পেয়ে ক্ষমতার দম্ভ তারাই দেখান, যাদের নৈতিকতা এবং শিক্ষার ভিত দুর্বল। একইসঙ্গে এই কথাও মনে রাখতে হবে, বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস কোনোভাবেই যেন, ম্লান না হয়। চারপাশে কিন্তু গর্ত খোঁড়া আছে, যে কোনো সময় অঘটন হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত